
প্রদেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ হতে শুরু করেছে। তবে অগ্রগতি ধীর। এমনটাই বলেছে কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেস (সিএফআইবি)।
এক প্রতিবেদনে সিএফআইবি বলেছে, উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থনীতি শক্তিশালী করতে প্রাদেশিক ও ফেডারেল সরকারের আন্তঃপ্রদেশ বাণিজ্য বাধাগুলো দূর করা গুরুত্বপূর্ণ। ছোট ব্যবসাগুলোর সিংহভাগ চায় বাধাগুলো দূরীকরণে সরকারগুলো অগ্রাধিকার দিক। সমীক্ষায় অংশ নেওয়া এসব ব্যবসা প্রতিষ্ঠানের অর্ধেকের বেশি বলেছে, একাধিক নিয়ন্ত্রণ বিধির কারণে তারা উৎপাদনশীলতা হারাচ্ছে।
সম্প্রতি কিছু উন্নতি দেখা গেছে। এর মধ্যে রয়েছে ফেডারেল সরকারের কানাডিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্টে এ বছর আটটি ক্রয় শর্ত অব্যাহতি দূর করা এবং আরও চারটি এ বছরের শেষ নাগাদ দূর করার প্রতিশ্রুতি দেওয়া।
একই সঙ্গে ফেডারেল সরকার অভ্যন্তরীণ বাণিজ্য উপাত্ত হাব চালু করেছে। পাশাপাশি কানাডিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাস্তবায়নের দায়িত্ব পাওয়া সরকারি সংস্থা একটি অনলাইন পোর্টাল চালু করেছে, যাতে করে কানাডিয়ানরা বাণিজ্যের ক্ষেত্রে সম্ভাব্য প্রতিবন্ধকতা শনাক্ত করতে পারে।
কিন্তু সিএফআইবি বলছে, অ্যাকোহল বাণিজ্য বাধা অপসারণে একন পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নতি দেখা যাচ্ছে না। অথবা ব্যবসা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কমানোরও বড় কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
সিএফআইবির ব্রিটিশ কলাম্বিয়া ও ওয়েস্টার্ন ইকোনমিক পলিসির পরিচালক জায়রো ইউনিস এক বিবৃতিতে বলেন, ইতিবাচক কিছু পদক্ষেপ সত্ত্বেও সার্বিক অগ্রগতি সামান্যই।

