
অন্টারিও অ্যালকোহলের খুচরা বিক্রয়ের সময়সীমা এগিয়ে আনায় দ্য বিয়ার স্টোর এই পরিবর্তনের পরবর্তী ধাপের দিকে তাকিয়ে আছে বলে জানিয়েছে। তবে অনেকেই এই পরিকল্পনার নিন্দা জানিয়েছেন।
প্রিমিয়ার ডগ ফোর্ড ২৪ মে এক ঘোষণায় বলেন, গ্রোসারি স্টোরগুলোতে অ্যালকোহল বিক্রয় সম্প্রসারণ ১ আগস্ট থেকে শুরু করবে অন্টারিও। যেসব গ্রোসারি স্টোরের হাতে লাইসেন্স রয়েছে তারা ওইদিন থেকেই রেডি-টু-ড্রিংক বেভারেজ এবং লার্জ-প্যাক সাইজ বিয়ার বিক্রি করতে পারবে।
কনভিনিয়েন্স স্টোরগুলো সিডার, বিয়ার, ওয়াইন ও রেডি-টু-ড্রিংক বেভারেজ বিক্রি শুরু করতে পারবে ৫ সেপ্টেম্বর থেকে। আর ৩১ অক্টোবর থেকে যোগ্য সব গ্রোসারি ও বিগ বক্স স্টোর বিয়ার, সিডার, ওয়াইন ও রেডি-টু-ড্রিংক বেভারেজ বিক্রি শুরু করতে পারবে।
বিয়ার স্টোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রয় বেনিন এক লিখিত বিবৃতিতে বলেছেন, আজকের ঘোষণার পরিপ্রেক্ষিতে বিয়ার স্টোরের বিবর্তনের পরবর্তী পদক্ষেপের দিকে চোখ রাখছি আমরা। বিয়ার স্টোর পরিবর্তিত হবে। এই পরিবর্তনে আমাদের মূল ক্ষেত্র হবে প্রাথমিক ডিস্ট্রিবিউটর। একই সঙ্গে প্রািতযোগিতাপূর্ণ খুচরা বিক্রয় ধরে রাখা।
প্রদেশ বলেছে, আগেভাগে সিদ্ধান্তটি বাস্তবায়নে যে ব্যয় বিয়ার স্টোর যাতে তা মেটাতে পারে সে লক্ষ্যে প্রাথমিকভাবে এককালীন ২ কোটি ২৫ লাখ ডলার দেওয়া হচ্ছে।
আগের চুক্তি অনুযায়ী, বিয়ার স্টোর খুচরা বিক্রেতা, বার ও রেস্তোরাঁগুলোতে অন্ততপক্ষে ২০৩১ সাল পর্যন্ত বিয়ার সরবরাহ অব্যাহত রাখতে পারবে।
বিবৃতিতে বলা হয়েছে, বিয়ার স্টোর বিতরণ ও নেটওয়ার্ক শক্তিশালী করবে। যাতে করে প্রায় ১০ হাজার বেসরকারি আউটলেটে সেবা দেওয়া যায়। সংখ্যাটি বর্তমানের চেয়ে সাড়ে আট হাজার বেশি।

