
এর আগে লিবারেল পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র এমপি কেভিন ভুয়োঙ্গ আগামী নির্বাচনে কনজার্ভেটিভ পার্টি থেকে নির্বাচনে দাঁড়াতে চান বলে জানিয়েছেন। সেই সঙ্গে তিনি কনজার্ভেটিভ ককাসে যোগ দিতে পারবেন কিনা দলীয় প্রধান পিয়েরে পয়লিয়েভরের কাছে তা জানতে চেয়েছেন। তবে টোরিরা সংসদে তাকে তাদের সঙ্গে বসতে দেওয়ার বিষয়টি বিবেচনায় নিচ্ছে না বলে জানিয়েছেন দলীয় মুখপাত্র সারাহ ফিশার।
২০২১ সালের নির্বাচনে ভোটের মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভুয়োঙ্গের প্রার্থীতা বাতিল করেন। কারণ হিসেবে নির্বাচনের আগে তার বিরুদ্ধে উত্থাপিত যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশে ব্যর্থতার কথা উল্লেখ করা হয়। ২০২১ সালে টরন্টো স্টারের এক প্রতিবেদনে খবরটি সামনে আসে। তবে তিনি একে ভুয়া আখ্যা দিয়ে অভিযোগ অস্বীকার করলেও তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
তারপরও তিনি নির্বাচিত হন এবং ডাউনটাউন টরন্টো রাইডিং স্পাদিনা-ফোর্ট ইয়র্কের প্রতিনিধি হিসেবে স্বতন্ত্র এমপির দায়িত্ব পালন করেন।
২৪ মে তার পার্লামেন্ট হিল অফিসে বসে ভুয়োঙ্গ বলেন, হাউস অব কমন্সে তার শুরুটা ভালো না হলেও তিনি প্রভাব ফেলতে পেরেছেন বলে মনে করেন এবং পয়লিয়েভরের দলে যোগদানের মতো অর্জন তার রয়েছে। তিনি বলেন, আমি মনে করি আমার আরও বেশি কিছু দেওয়ার আছে। এ কারণেই আমি তার দলের অংশ হতে চাইছি, যাতে করে আমি তা করতে পারি।
টরন্টোতে গৃহহীন অভিবাসীদের স্রোতের ব্যাপারে সচেতনতা সৃষ্টি এবং প্রশ্নোত্তর পর্বে ফেডারেল শিক্ষা ঋণের ওপর থেকে সুদ মওকুফে লিবারেলদের ওপর চাপ প্রয়োগে তার উদ্যোগের বিষয়টি উল্লেখ করেন ভুয়োঙ্গ।

