
ক্যাপিটাল গেইনের ওপর ইনক্লুশন হার বৃদ্ধির প্রস্তাব গ্রীষ্মের ছুটির আগেই হাউস অব কমন্সে উত্থাপন করবে লিবারেল সরকার। অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ২১ মে এ তথ্য জানান।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামনের সপ্তাহগুলোতে এবং অবশ্যই সংসদের বিরতির আগে ইনক্লুশন রেট বৃদ্ধি বাস্তবায়নে আইন প্রণয়ন প্রক্রিয়া আমরা শুরু করব।
এপ্রিলে ঘোষিত বাজেটের অংশ হিসেবে অর্থমন্ত্রী ক্যাপিটাল গেইন ট্যাক্সে এই পরিবর্তনের ঘোষণা দেন। কিন্তু নতুন অন্তর্ভুক্তির হার কত হবে তা গত মাসে উত্থাপিত তার বাজেট আইনের বাইরে রেখে দেন। প্রকৃত আইন আনার আগে লিবারেলদের অবশ্যই হাউস অব কমন্সে প্রস্তাব উত্থাপন করতে হবে। সরকার বলছে, এ সংক্রান্ত বিল এখনো পাস না হলেও ২৫ জুন থেকে এই পরিবর্তন কার্যকর হবে।
ক্যাপিটাল গেইনের দুই-তৃতীয়াংশ করযোগ্য বলে প্রস্তাব করেছে সরকার। বর্তমানে সম্পদ বিক্রি থেকে মুনাফার কেবল অর্ধেকের ওপর কর প্রযোজ্য। এই সম্পদের মধ্যে রয়েছে স্টক অথবা সেকেন্ডারি রিয়েল এস্টেট সম্পদ।
কর্পোরেশনগুলোর ক্যাপিটাল গেইনের ওপর উচ্চ হারে ইনক্লুশন রেট প্রযোজ্য হবে। তবে ব্যক্তি পর্যায়ে ক্যাপিটাল গেইনের পরিমাণ আড়াই লাখ ডলার হলেই কেবল উচ্চ হারে ইনক্লুশন রেট প্রযোজ্য হবে।
ধারণাটি বড় ধরনের মনোযোগ আকৃষ্ট করতে পেরেছে এবং এ নিয়ে বিস্তর সমালোচনাও রয়েছে। ব্যবসায়ী ও চিকিৎসকদের প্রতিনিধিত্বকারী লবি গ্রুপ ইনক্লুশন রেট বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। কারণ, এই পরিবর্তনের ফলে ব্যবসায়ী ও চিকিৎসকরা ক্ষতির মুখে পড়বেন বলে তারা মনে করছেন।
যদিও লিবারেল এর পক্ষে যুক্তি তুলে ধরে বলেছে, আবাসন ও স্বাস্থ্যসেবার ব্যয় নির্বাহে কানাডার আরও অর্থ সংগ্রহ প্রয়োজন। উচ্চ ইনক্লুশন রেটের ফলে আগামী পাঁচ বছরে ১ হাজার ৯৪০ কোটি ডলার সংগ্রহ করা সম্ভব হবে বলে প্রাক্কলন করেছে লিবারেল সরকার।

