
এপ্রিলে কানাডায় বাড়ির মালিকদের চাওয়া ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় গড়ে ৯ দশমিক ৩ শতাংশ বেড়েছে। মাসিকভিত্তিতেও প্রথমবারের চাওয়া ভাড়া এপ্রিলে কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে নতুন এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রেন্টালসডটসিএর মাসিক লিস্টিং প্রতিষ্ঠানটির পাশাপাশি আরবানেশন বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে। তাতে বলা হয়েছে, গত মাসে সব ধরনের বাড়ির চাওয়া ভাড়ার পরিমাণ ছিল গড়ে ২ হাজার ১৮৮ ডলার।
মার্চে চাওয়া ভাড়ার পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় বেশি ছিল ৮ দশমিক ৮ শতাংশ। এ হিসাবে এপ্রিলে বেড়েছে তার চেয়েও বেশি। মাসিকভিত্তিতে এপ্রিলে চাওয়া ভাড়ার পরিমাণ বেড়েছে দশমিক ৩ শতাংশ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এপ্রিলে কানাডায় এক শয়নকক্ষের ইউনিটের জন্য মাসিক ভাড়া চাওয়া হয় ১ হাজার ৯১৫ ডলার, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ বেশি। একই সময়ে দুই শয়নকক্ষের ভাড়া চাওয়া হয় ২ হাজার ২৯৫ ডলার, ২০২৩ সালের এপ্রিলের তুলনায় যা ১১ শতাংশ বেশি।
সার্বিকভাবে এপ্রিলে পারপাস-বিল্ট অ্যাপার্টমেন্টের চাওয়া ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ১২৪ ডলারে উন্নীত হয়েছে। কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্টের চাওয়া ভাড়া ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে এপ্রিলে পৌঁছেছে গড়ে ২ হাজার ৩৩১ ডলার।
সব প্রদেশেই মাসভিত্তিক চাওয়া ভাড়া বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ব্যতিক্রম কেবল অন্টারিও। প্রদেশটিতে চলতি বছরের এপ্রিলে চাওয়া ভাড়ার পরিমাণ মাসিক দশমিক ৩ এবং বার্ষিক দশমিক ৭ শতাংশ কমে গড়ে ২ হাজার ৪০৪ ডলারে থিতু হয়েছে।
এপ্রিলে ভাড়ার নিরিখে সবচেয়ে সাশ্রয়ী প্রদেশ ছিল সাস্কেচুয়ান। প্রদেশটিতে এপ্রিলের ভাড়া ছিল গড়ে ১ হাজার ৩০০ ডলার। তবে বার্ষিক ১৮ দশমিক ৪ শতাংশ ভাড়া বৃদ্ধি নিয়ে আলবার্টাকে হটিয়ে নেতৃস্থানীয় অবস্থানে উঠে এসেছে সাস্কেচুয়ান। আলবার্টায় এপ্রিলে চাওয়া ভাড়া এক বছর আগের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৪ শতাংশ বেড়ে গড়ে ১ হাজার ৭৪৬ ডলারে দাঁড়িয়েছে।
এপ্রিলে তৃতীয় সর্বোচ্চ বাড়ি ভাড়া বেড়েছে নোভা স্কশিয়ায়। বার্ষিক ১০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রদেশটিতে চাওয়া ভাড়ার পরিমাণ দাঁড়িয়েছে গড়ে ২ হাজার ১৬৯ ডলার। তবে এপ্রিলে সবচেয়ে বেশি ভাড়া চাওয়া হয়েছে ব্রিটিশ কলাম্বিয়ায় গড়ে ২ হাজার ৫০৭ ডলার, ২০২৩ সালের এপ্রিলের তুলনায় যা ১ দশমিক ৬ শতাংশ বেশি। এ ছাড়া কুইবেকে চাওয়া ভাড়া গড়ে ৮ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ হাজার ১১ ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে ম্যানিটোবায় ৯ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে গড়ে ১ হাজার ৬০৯ ডলার।
মিউনিসিপাল হিসেবে ভ্যানকুভারে চাওয়া ভাড়া অব্যাহতভাবে কমছে। গত মাসে ৭ দশমিক ৮ শতাংশ কমে ২ হাজার ৯৮২ ডলারে স্থির হয়েছে। টরন্টোর বাড়ি ভাড়াও ২ দশমিক ৩ শতাংশ কমে গড়ে ২ হাজার ৭৫৭ ডলারে দাঁড়িয়েছে। ২০২৩ সালের নভেম্বরের তুলনায় নগরীতে বাড়ি ভাড়া কমেছে ৫ দশমিক ৪ শতাংশ।
কানাডার বৃহৎ নগরীগুলোর মধ্যে ভাড়া বৃদ্ধির হারে শীর্ষস্থান ধরে রেখেছে এডমন্টন। এপ্রিলে আগের বছরের একই সময়ের তুলনায় বাড়ি ভাড়া ১৩ দশমিক ৩ শতাংশ বেড়ে গড়ে ১ হাজার ৫০৭ ডলারে দাঁড়িয়েছে।

