
উচ্চ সুদের হারের কারণে অর্থনীতিতে শ্লথতা সত্ত্বেও মন্দা এড়াতে যাচ্ছে কানাডা। ডেলোয়িট কানাডা তাদের ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
প্রতিষ্ঠানটি বলছে, অর্তনীতির জন্য উদ্বেগজনক কিছু বিষয় এখনো বিদ্যমান। এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতি, ব্যবসার দেউলিয়াত্ব বৃদ্ধি এবং মর্টগেজের কিস্তি সময়মতো পরিশোধ করতে না পারা।
প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলেছে, এই পরিস্থিতির মধ্যে স্বল্পমেয়াদি পূর্বাভাসের ব্যাপারে আমরা সর্তকর্তা অবলম্বন করেছি। কিন্তু বর্তমান যে প্রবণতা তাতে কানাডা মন্দা এড়াচ্ছে বলেই মনে হচ্ছে। শুধু তাই নয়, বছরের দ্বিতীয়ার্ধে বর্তমান শ্লথতা অর্থনীতি কাটিয়ে উঠবে বলেও ধারণা করা হচ্ছে।
মূল্যস্ফীতির রাশ টানতে ব্যাংক অব কানাডা ২০২২ সালের মার্চ সুদের হার প্রায় শূন্য থেকে বাড়িয়ে বর্তমানে ৫ শতাংশে উন্নীত করেছে। এরপর থেকে মূল্যস্ফীতি লক্ষ্যণীয় হারে কমেছে। ডেলোয়িট বলছে, জুন থেকে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কর্তনের পর্যায়ে রয়েছে। জুন অথবা জুলাই থেকে সুদের হার কমানো শুরু হবে বলে অধিকাংম অর্থনীতিবিদ প্রত্যাশা করছেন।
ইতিবাচক এসব ইঙ্গিত সত্ত্বেও ২০২৪ সালে কানাডার অর্থনীতি একই অবস্থায় আটকে থাকতে পারে বলে মনে করছে ডেলোয়িট। বিশেষ করে চলতি বছরের প্রথমার্ধে। প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি এ বছর ১ শতাংশের কাছাকাছি থাকবে। ২০২৫ সালে তা ২ দশমিক ৯ শতাংশে উন্নীত হবে।
স্ট্যাটিস্টিকস কানাডার প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে কানাডার মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি ছিল দশমিক ৬ শতাংশ। প্রাথমিকভাবে ফেব্রুয়ারি মাসের প্রবৃদ্ধি হিসাব করা হয়েছে দশমিক ৪ শতাংশ।
ডেলোয়িট বলছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৪ শতাংশ। ২০২৫ সালে তা ১ দশমিক ৪ শতাংশে নেমে আসবে।

