
২০ লাখ ডলারের বেশি মূল্যমানের ২৫টি চোরাই গাড়ি উদ্ধারের কথা জানিয়েছে ইয়র্ক রিজিয়নাল পুলিশ (ওয়াইআরপি)। সেই সঙ্গে এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) গাড়ি চুরির ঘটনা তদন্তের অংশ হিসেবে গাড়িগুলো উদ্ধার করেছে পুলিশ।
মিসিসোগার একটি পার্কিং লটে চোরাই গাড়ি রাখার ব্যাপারে অটো কার্গো থেফট ইউনিট জানতে পারার পর নভেম্বরে তদন্ত শুরু হয়। ২৯ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, তদন্তের ফলে সন্দেহভাজনদের চিহ্নিত করা হয়। সেই সঙ্গে যেসব জায়গায় চোরাই গাড়ি নেওয়া ও মজুদ করা হয় সেসব স্থানও চিহ্নিত করা হয়।
কর্মকর্তারা ১৪ ডিসেম্বর মিসিসোগার একটি গুদামে তল্লাশি পরোয়ানা বাস্তবায়ন করেন। সেখানেই
একটি শিপিং কনটেইনারের মধ্যে চোরাই গাড়িগুলো রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, গাড়িগুলো জিটিএর আশপাশ থেকে চুরি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। একই সঙ্গে পুলিশ চুরি করা লাইসেন্স প্লেট, মাস্টার কার কি এবং একটি কি রি-প্রোগ্রামিং ডিভাইসও জব্দ করেছে।
তল্লাশি পরোয়ানা বাস্তবায়নের সময় পাঁচ সন্দেহভাজনকেও গ্রেপ্তার করেন কর্মকর্তারা। তারা হলেন টরন্টোর বাসিন্দা ৩১ বছর বয়সী স্যামুয়েল উসু-হ্যামন্ড, ওকভিলের বাসিন্দা ৪২ বছর বয়সী মাইকেল আর্থার ক্লার্ক, টরন্টোর বাসিন্দা ৩১ বছর বয়সী কিরিল অ্যান্ড্রসকেভিচ, হ্যামিল্টনের বাসিন্দা ২৫ বছর বয়সী লে মামাডি ক্রোমাহ এবং মিসিসোগার বাসিন্দা ২৫ বছর বয়সী আলা গজল। প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে।
খষ্ঠ সন্দেহভাজন টরন্টোর বাসিন্দা ৫২ বছর বয়সী আলেক্স কাবিয়াকে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সিবিএসএ কর্মকর্তারা নিজেদের হেফাজতে নিয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে হেফাজতে নেন তারা। তিনিও একই ধরনের অভিযোগের মুখে রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ওই সময়ই জামিনে ছাড়া পান।

