
ভ্যাকসিন ক্রয় নিয়ে ফেডারেল সরকারের বিরুদ্ধে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের সমালোচনা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগে ভ্যাকসিন ক্রয় নিয়ে ফেডারেল সরকারের ভূমিকাকে হাস্যকর বলে মন্তব্য করেছিলেন ফোর্ড।
এর পরিপ্রেক্ষিতে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ফোর্ডের বিরুদ্ধে এক হাত নেন ট্রুডো। কানাডায় ভ্যাকসিন ক্রয়ের দায়িত্বপ্রাপ্ত ক্রয়-সংক্রান্ত মন্ত্রী অনীতা আনান্দও প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী এ সময় অনীতা অবিশ^াস্য ভালো কাজ করছেন উল্লেখ করে তার প্রশংসা করেন। নির্ধারিত সময়ের আগেই কানাডা কয়েক লাখ ডোজ ভ্যাকসিন পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সত্যি সত্যিই আমরা জুনের শেষ নাগাদ অধিকাংশ কানাডিয়ানকে নিদেনপক্ষে এক ডোজ ভ্যাকসিন দেওয়ার দিকে এগোচ্ছি। সুতরাং আমরা একটা ভালো গ্রীষ্ম পেতে যাচ্ছি।
নির্ভরযোগ্য সময়সীমার মধ্যে পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন সংগ্রহ করতে না পারায় ডগ ফোর্ড এর আগে ফেডারেল সরকারের সমালোচনা করেন। এ কারণেই অন্টারিও প্রদেশজুড়ে সমানভাবে ভ্যাকসিন বিতরণ করতে পারেনি। কিছু শহর বিশেষ করে অটোয়া তো অভিযোগই করেছে যে, বিদ্যমান ভ্যাকসিনের যে পরিমাণ জনপ্রতি হিসাবে পাওয়ার কথা তা তারা পাচ্ছে না।
ট্রুডো সরকারের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ এনে ফোর্ড এর আগে বলেছিলেন, ফেডারেল সরকারের কাছ থেকে আমরা পর্যাপ্ত ভ্যাকসিন পাচ্ছি না এবং এটা একটা তামাশা।
এর জবাবে ট্রুডো বলেন, কারো দিকে অভিযোগের আঙুল তোলাটা সহজ কাজগুলোর অন্যতম। অনীতা আনান্দের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। মার্চের শেষ নাগাদ কানাডা যে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে এই প্রতিশ্রুতি আমি বেশ কয়েক মাস আগে প্রিমিয়ারদের দিয়েছিলাম। সন্দেহ সহকারে সেই প্রতিশ্রুতিকে তারা স্বাগতও জানিয়েছিলেন। ডগ ফোর্ডকে আমি বলব, আপনি তাতে আস্থা রাখতে পারেন। আমরা যে প্রতিশ্রুত ভ্যাকসিন পেতে যাচ্ছি, অনীতা তা আমাকে জানিয়েছেন। মার্চের শেষে ৬০ লাখ ডোজ নয়, বরং এ সপ্তাহ শেষে আমরা ৯৫ লাখ ডোজ ভ্যাকসিন পাচ্ছি। প্রতিশ্রুত ৬০ লাখ ডোজের চেয়ে এটা অনেক বেশি।

