
কানাডায় গ্রীষ্মকাল কেবল আরও বেশি উষ্ণই হচ্ছে না, উল্লেখযোগ্যভাবে দীর্ঘও হচ্ছে। এটা ঘটছে আগের ধারণার চেয়ে দ্রুত। এমনটাই উঠে এসেছে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার এক গবেষণায়।
গবেষণায় বলা হয়েছে, বিশ্বের কোনো কোনো অংশে গ্রীষ্মকালের মতো তাপমাত্রা ঋতুটিকে গত তিন দশক ধরে ৫০ দিনের মতো বর্ধিত করছে। ১৯৯০ এর দশক থেকে পরিবর্তনের এই গতি আরও বেশি ত্বরান্বিত হয়েছে।
গবেষণার সহ-লেখক ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার পিএইচডির শিক্ষার্থী টেড স্কটের জন্য গবেষণাটি শুরু হয়েছিল একটি অনুমান থেকে। স্কট বলেন, আমি যখন শিশু ছিলাম তখনকার তুলনায় এখনকার গ্রীষ্মকাল ভিন্ন মনে হয়। এই উপলব্ধি থেকেই গবেষণা শুরু করেছিলাম। এটা ছিল আমার ধারণা। তাহলে কি সত্যিই আমরা উপাত্তের দিকে একটু খোঁজ-খবর করতে পারি এটা সত্যি কিনা তা যাচাই করতে?
স্কট এবং তার দল ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাপমাত্রার উপাত্ত বিশ্লেষণ করেন এবং প্রতি বছর যে দিনগুলোতে গ্রীষ্মকালীন উষ্ণতা সর্বোচ্চে পৌঁছায় সেই দিনগুলোর দিকে দৃষ্টি দেন। তাপমাত্রা বছরের সর্বোচ্চ উষ্ণতার প্রান্তিকের ঐতিহাসিক প্রথা পূরণ করলে তার ভিত্তিতে গ্রীষ্মকে সংজ্ঞায়িত করেন তারা। এক্ষেত্রে তারা পঞ্জিকার সংজ্ঞায় আবদ্ধ থাকেননি। এতে স্কটের ধারণাই সত্য প্রমাণিত হয়।
তিনি বলেন, আমরা জানি যে, গ্রীষ্ম আরও বেশি করে উষ্ণ হচ্ছে। একই সঙ্গে গ্রীষ্মের শুরুও হচ্ছে আগে এবং সমাপ্তি ঘটছে পরে।
গবেষণায় দেখা গেছে, গ্রীষ্মম-লীয় এবং মেরু অঞ্চলের মধ্যে গ্রীষ্মকাল প্রতি দশকে গড়ে ছয় দিন করে বর্ধিত হচ্ছে। আগের গবেষণায় গড়ে চারদিন করে বর্ধিত হওয়ার তথ্য দেওয়া হয়েছিল।
কিছু নগরীতে এই পরিবর্তনটা আরও বেশি লক্ষণীয়। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতি দশকে গ্রীষ্মকাল বর্ধিত হয়েছে গড়ে ১৫ দিন। এ ছাড়া টরন্টোতে গ্রীষ্মকাল বর্ধিত হচ্ছে প্রতি দশকে গড়ে আটদিন। আর ভ্যানকুভারের ঠিক দক্ষিণে ওয়াশের বার্লিংটনে প্রতি দশকে গ্রীষ্মকাল বর্ধিত হচ্ছে প্রায় ছয়দিন।

