
প্রাণিদের ওপর নিপীড়ন চালানো পোষ্যমালিকদের কাছে পাওয়া অর্থের ৯০ শতাংশের বেশি আদায়ে ব্যর্থ হয়েছে অন্টারিও। তদন্তের সময় তাদের পোষ্য ও গবাদিপশু বা অন্যান্য প্রাণিগুলোও জব্দ করা হয়েছিল। এমনটাই জানতে পেরেছে দি কানাডিয়ান পোস্ট।
তথ্য অধিকার আইনে প্রাণি অধিকার নিয়ে কাজ করা একটি অ্যাডভোকেসি গ্রুপের হাতে আসা নথি অনুযায়ী, অ্যানিমেল ওয়েলফেয়ার সার্ভিসেসের জব্দ করা প্রাণি দেখভালের জন্য ২০১৯ সাল থেকে মালিকদের ওপর এক কোটি ৬ লাখ ৩৩ হাজার ২৪১ ডলার মাশুল ধার্য করেছে প্রদেশ। কিন্তু অর্থ মন্ত্রণালয় গত সাত বছরের বেশি সময়ে আদায় করতে পেরেরছে মাত্র ১০ লাখ ২০ হাজার ৫৮২ ডলার। অর্থাৎ, ৯০ লাখ ডলার এখনো অনাদায়ী রয়ে গেছে।
প্রদেশব্যাপী প্রাণিদের কল্যাণের দায়িত্বে নিয়োজিত সলিসিটর জেনারেল মাইকেল কার্জনারের কাছে সংগৃহীত অর্থের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, আমি বিষয়টি দেখব এবং এটি আমার নজরে আনার জন্য ধন্যবাদ।
পোষ্যমালিকদের কাছ থেকে পাওনা অর্থ আদায়ের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের। এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলেও অর্থমন্ত্রী পিটার বেথলেনফালভির কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
বেসরকারি দাতব্য সংস্থা অন্টারিও সোসাইটি ফর দ্য প্রিভেণশন অব ক্রয়েলটি টু অ্যানিমেলস প্রাণিদের ওপর নিপীড়নের আইন বাস্তবায়নের দায়িত্ব ত্যাগ করার পর ২০১৯ সালে অ্যানিমেল ওয়েলফেয়ার সার্ভিসেস চালু করে প্রদেশ। প্রদেশের রয়েছে প্রায় ১০০ প্রাণি কল্যাণ পরিদর্শক, যারা অন্টারিওতে প্রাণিদের ওপর নির্যাতনের অভিযোগ তদন্ত করে থাকেন।

