Latest Posts

শাহানা আকতার মহুয়া পেলেন বাংলামেইল–কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার ২০২৬

- Advertisement -
শাহানা আকতার মহুয়া

বাংলামেইল–কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কারের জুরিবোর্ড ২০২৬ সালের জন্য কানাডার ভ্যাঙ্কুভার নিবাসী কবি, কথাসাহিত্যিক, অনুবাদক ও সম্পাদক শাহানা আকতার মহুয়াকে নির্বাচন করেছেন। আগামী ১৬ মে অনুষ্ঠেয় বাংলাদেশ ফেস্টিভ্যাল-এর জাঁকজমকপূর্ণ আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন টরন্টো পোয়েট লরিয়েট লিলিয়ান অ্যালেন। শাহানা আকতার মহুয়ার জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশের নাটোরে। শিক্ষা বিষয়ে স্নাতক এবং সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর শাহানা ২০০৮ সাল থেকে কানাডার ভ্যাঙ্কুভারে বসবাস করেন। বর্তমানে ভ্যাঙ্কুভারে একটি প্রতিষ্ঠানে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধ্রুপদ সন্ন্যাসে (১৯৯৮), কাচের কোকিল (২০০০), প্রত্নপিপাসার জল (২০০৫), মনঘর (২০১২), শত পদ্য মলাটের ভাঁজে (২০১৮)। তাঁর অনুবাদকর্মের তালিকায় রয়েছে আর্মেনিয়ার ছোটগল্প (২০০৫ পুনর্মুদ্রণ- ২০১৮), ভারতীয় নারী-লেখকদের গল্পের সংকলন: জেনানা জবান (২০১০), কানাডীয় আদিবাসী কবিতার অনুবাদ গ্রন্থ: দূরের ক্যানভাস (২০১৬) এবং উত্তুঙ্গ স্রোত বেয়ে (২০১৯)। এছাড়াও তিনি সম্পাদনা করেন সুরুচিশোভন সাহিত্যের কাগজ ‘ছান্দস’।

- Advertisement -

উল্লেখ করা যেতে পারে যে, কবিতায় মৌলিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি পশ্চিমবঙ্গ থেকে লাভ করেছেন ‘যতীন্দ্রমোহন বাগচী সম্মাননা পদক’। বাংলামেইল–কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক পাবেন নগদ এক হাজার ডলার, অন্টারিও প্রভিন্সিয়াল ও ফেডারেল সরকারের পক্ষ থেকে সম্মাননা। এছাড়া কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইল-এ পুরস্কারপ্রাপ্ত লেখককে নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে।

কানাডার শিল্প-সাহিত্যের যে বিশিষ্টজনদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড প্রথমবারের মতো বাংলামেইল–কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার বিজয়ী নির্বাচন করেন তাঁরা হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী, লেখক ও সাপ্তাহিক বাংলামেইলের সম্পাদকীয় উপদেষ্টা সৈয়দ ইকবাল, বিশিষ্ট লেখক ও গবেষক সুব্রত কুমার দাস, কবি ও সংগঠক দেলওয়ার এলাহী, কবি ইকবাল হাসানের পরিবারের পক্ষে কথাসাহিত্যিক তসলিমা হাসান এবং বাংলা মেইলের পক্ষে সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু।

জুরি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় কবি ইকবাল হাসানের জন্মদিনে ২০২৭ সালের জন্য বাংলামেইল–কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকের নাম ঘোষণা করা হবে এবং ২০২৭ সালে অনুষ্ঠেয় বাংলাদেশ ফেস্টিভ্যালে সেটি প্রাপ্ত লেখকের হাতে তুলে দেওয়া হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.