
ডেলিভারিম্যান দেখে আপনার কুকুরটি যদি প্রতিবারই বিচলিত হয় তাহলে আপনি হয়তো এ থেকে নিস্তার পেতে যাচ্ছেন। এটা আর আপনার জন্য সমস্যা হিসেবে থাকছে না। কিন্তু এর বাইরে অনেকেই জানেন না তাদের জন্য বাড়ি বাড়ি মেইল সরবরাহ বন্ধ করে দেওয়ার অর্থ কী।
কানাডা পোস্ট সোমবার বলেছে, তারা একটি রূপান্তরমূলক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। কমিউনিটি মেইলবক্সের রূপান্তরও এর মধ্যে রয়েছে, যার ফলে শেষ পর্যন্ত হোম ডেলিভারি বন্ধ হচ্ছে। পাবলিক সার্ভিসেস অ্যান্ড প্রকিউরমেন্ট কানাডা গত বছর এই নির্দেশিকা দিয়েছিল। কারণ, কানাডা পোস্ট অস্তিত্বেও সংকটে রয়েছে এবং আর্থিক অবস্থা ভেঙে পড়ছে।
কানাডা পোস্টের পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর বিষয়টি বোঝেন টরন্টো সিটি কাউন্সিলর জশ ম্যাটলো। কিন্তু বহু কানাডিয়ানের মতো তারও কমিউনিটি মেইলবক্সের দিকে যাওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। একইসঙ্গে সৌন্দর্য থেকে নকশা এবং নিরাপদতা থেকে সহজলোভ্যতা সবকিছু নিয়ে উদ্বেগও রয়েছে।
সিবিসি নিউজকে পাঠানো এক বিবৃতিতে কানাডা পোস্ট বলেছে, তাদের পরিকল্পনা প্রাথমিক পদক্ষেপ গ্রহণের কাজ তারা শুরু করেছে। তাদের ইউনিয়নভুক্ত কর্মী কানাডিয়ান ইউনিয়ন অব পোস্টাল ওয়ার্কার্সের (সিইউপিডব্লিউ) দর-কষাকষি এজেন্টদের সঙ্গে প্রথমেই তারা পরামর্শ করবে। এরপর পরামর্শ নেওয়া হবে মিউনিসিপাল কর্মকর্তা এবং অন্য অংশীজনদের। কানাডিয়ান পোস্টাল সার্ভিস চার্টার সংশোধনে চূড়ান্তভাবে ফেডারেল সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে ক্রাউন কর্পোরেশনটিকে।
বড় শহরগুলোতে কানাডা পোস্ট কীভাবে কমিউনিটি মেইলবক্সগুলো স্থাপন করবে তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। সিবিসি নিউজের সঙ্গে কথা বলা নগর পরিকল্পনাবিদরা বলেছেন, ফুটপাত হবে সম্ভবত সবচেয়ে ভালো জায়গা। তবে এটা আদর্শ নয়।
এখন প্রশ্ন হলো পার্সেলও কি কমিউনিটি মেইলবক্সে বিতরণ করা হবে? কমিউনিটি মেইলবক্সের ডিজাইন সাধারণত এমন হয়ে থাকে যে, এগুলোর কম্পার্টগুলো হয়ে থাকে বড় খাম ও ছোট ছোট প্যাকেজ ধারণের উপযোগী। সিবিসি নিউজকে পাঠানো এক ইমেইলে কানাডা পোস্ট বলেছে, গ্রাহকের তালাবদ্ধ কম্পার্টমেন্টেই অধিকাংশ পার্সেল ধরে যাবে। অথবা একটি সুরক্ষিত পার্সেল বক্স থাকবে।
এখানে কি নিরাপত্তা ও সহজগম্যতার কোনো উদ্বেগ আছে? ইউনিভার্সিটি অব ওয়াটারলুর নগর পরিকল্পনার সহযোগী অধ্যাপক ক্যারি মিচেল বলেন, বাড়ি থেকে কয়েক শ মিটার হেঁটে কমিউনিটি মেইলবক্সে যাওয়া তার জন্য কোনো সমস্যা নয়। কিন্তু জ্যেষ্ঠ নাগরিক ও চলাচলে যাদের সমস্যা রয়েছে তাদের পক্ষে এটা অতটা সহজ নয়।

