
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) বলেছে, ফেন্টানিল শনাক্তে বিশেষায়িত প্রথম ডগ স্কোয়াড মোতায়েন শুরু করবে তারা। কুইবেকের রিগোতে কানাডা বর্ডার সার্ভিসেস কলেজে নতুন ৫৭ জন কর্মকর্তার বরণ অনুষ্ঠানের পর বৃহস্পতিবার নতুন এই পদক্ষেপের কথা ঘোষণা করেছে সীমান্ত সংস্থাটি।
কানাডার ফেন্টানিল জার কেভিন ব্রোসো বলেন, কানাডার সীমান্তজুড়ে অবৈধ মাদকের প্রবাহ বন্ধ করতে নিরলস, বহু স্তরীয় পদক্ষেপ জরুরি। নতুন এই কর্মকর্তা এবং নতুন বিশেষায়িত ডগ স্কোয়াড মোতায়েনের মাধ্যমে কানাডা তার সীমান্ত সুরক্ষিত করছে। সেই সঙ্গে কমিউনিটিগুলোকে সুরক্ষিত রাখছে।
২০২৫ সালে সিবিএসএ ফেন্টানিল সংক্রান্ত ৩১ হাজার ৬০০ মাদক জব্দের কথা জানিয়েছে। সিবিএসএ বলেছে, কানাডাজুড়ে বিভিন্ন প্রবেশপথে তাদের ৮০টির বেশি শনাক্তকারী ডগ টিম বর্তমানে মোতায়েন আছে। কিন্তু বিশেষায়িত ফেন্টানিল মোতায়েন এই প্রথম।
এসব পদক্ষেপ ফেডারেল সরকারের ২০২৫ সালের বাজেট এবং কানাডার সীমান্ত পরিকল্পনার অংশ। কানাডার সীমান্ত পরিকল্পনার লক্ষ্য হচ্ছে ১৩০ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে কানাডার সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করা।
কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তজুড়ে মারাত্মক ধরনের মাদক চোরাচালান বন্ধের উদ্যোগের অংশ হিসেবে ২০২৫ সালে সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করার যে দাবি ওঠে তার ফলশ্রুতিতেই এই বিনিয়োগ।
মাদক চোরাচালান বন্ধে ফেডারেল সরকার বড় পদক্ষেপ না নিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর কানাডিয়ান পণ্যের ওপর শুল্ক আরোপের যে হুমকি দেন তার কেন্দ্র হয়ে ওঠে ফেন্টানিল।

