
পরপর তিনটি প্রাদেশিক নির্বাচনে হতাশ করেছে অন্টারিও লিবারেল পার্টি। ক্ষমতাসীন দল থেকে পরিণত হয়েছে তৃতীয় রাজনৈতিক দলে। হারিয়েছিলো অফিসিয়াল পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস। সাবেক প্রধান বনি ক্রম্বি দায়িত্ব নেবার পর উদ্ধার হয় অফিসিয়াল পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস। কিন্তু দলের সেই নাজুক অবস্থা এখনো চলমান। দল খুজঁছে নতুন নেতৃত্ব। এই নেতৃত্বের দৌঁড়ে আবারও ময়দানে বিচেস-ইস্টইয়র্ক রাইডিংয়ের ফেডারেল এমপি ন্যাথানিয়েল এ্যারিস্কিন-স্মিথ। টানা তিনবারের এমপি ও সাবেক মন্ত্রী ন্যাথানিয়েল শুন্য হওয়া স্কারবোরো সাউথ ওয়েস্টের প্রভিন্সিয়াল উপ-নির্বাচনে ইতিমধ্যে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন।
ন্যাথানিয়েল এ্যারিস্কিন-স্মিথ এমপি কানাডার রাজনীতিতে পরিচিত মুখ। বিশেষ করে টরন্টোর বাংলাদেশী কমিউনিটিতে তার জনপ্রিয়তা আকাশচুম্বি। ফেডারেল থেকে প্রভিন্সিয়াল রাজনীতিতে যোগদান আলোচনার জন্ম দিয়েছে । তিনি মনে করছেন যে, এই মুহুর্তে অন্টারিও লিবারেল পার্টিকে চাঙ্গা করতে একমাত্র তিনিই সক্ষম। টরন্টোর বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, সংগঠক তানবীর কোহিনূর বললেন, ন্যাথানিয়েল আমাদের সবার প্রিয় একজন রাজনীতিক। শুধুমাত্র স্কারবোরো সাউথওয়েস্ট নয় অন্টারিও লিবারেল পার্টিকেও সে আলোকিত করবে। আমরা তাকে জোরালো সমর্থন করছি।
ডলি বেগম প্রাদেশিক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় স্কারবোরো সাউথ ওয়েস্টের আসনটি শুন্য হয়। এই আসনটি একসময় লিবারেলের দখলে ছিলো। এই আসনটি এবার অন্টারিও লিবারেল পার্টিকে উপহার দিতে চান ন্যাথানিয়েল। মনোনয়ন পেয়ে জয়লাভ করলে নেতৃত্বের দৌড়ে তিনি এগিয়ে থাকবেন কয়েক ধাপ।
অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ড এখনো স্কারবোরো সাউথ ওয়েস্টের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেননি। তবে ধারণা করা হচ্ছে এই বছরের আগস্ট মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। অন্টারিও লিবারের পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে, এই রাইডিংয়ের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে ন্যাথানিয়েলের টীম সদস্য সংগ্রহসহ নানা সাংগঠনিক কাজে পুরোমাত্রায় মনোনিবেশ করেছেন।
স্কারবোরো সাউথওয়েস্টে বসবাস করেন এমন অনেক লিবারেল সমর্থক এই প্রতিবেদককে বলেন, পার্টি প্রধানের রেসে ন্যাথানিয়েল যোগ্য প্রার্থী।

