
কানাডার বৃহত্তম শহর টরন্টো শিগগিরই তার অন্যতম প্রধান কনভেনশন স্পেসের পরিবর্তে একটি আধুনিক ও বৃহৎ কনভেনশন সেন্টার পেতে যাচ্ছে। আন্তর্জাতিক মানের একটি নতুন কনভেনশন সেন্টার নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে প্রাদেশিক সরকার।
সরকার প্রায় ২০ লাখ বর্গফুট আয়তনের একটি স্টেট-অব-দ্য-আর্ট কনভেনশন সেন্টার নির্মাণ করতে চায়, যা আন্তর্জাতিক পর্যায়ে টরন্টোর অবস্থানকে শক্তিশালী করবে। তার মতে, নতুন এই অবকাঠামো শহরের অর্থনীতি, পর্যটন ও আন্তর্জাতিক ব্যবসায়িক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডগ ফোর্ড গত সপ্তাহেই ফ্রন্ট স্ট্রিটে অবস্থিত বর্তমান কনভেনশন সেন্টারের কাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি বলেন, বর্তমান ভবনের বিন্যাস জটিল এবং দর্শনার্থীদের জন্য সহজে চলাচল করা কঠিন। একাধিক ব্লকে বিভক্ত ভবনের মধ্যে যেতে বিভিন্ন এস্কেলেটর ও সংযোগপথ ব্যবহার করতে হয়, যা একটি বড় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের জন্য উপযুক্ত নয়।
সোমবারও তিনি একই সমালোচনা পুনর্ব্যক্ত করে বলেন, কনভেনশন সেন্টারের পরিচালনা পর্ষদ তাকে জানিয়েছে যে বিশ্বব্যাপী কনভেনশন আয়োজনের ক্ষেত্রে টরন্টোর অবস্থান সন্তোষজনক নয়। তাদের তথ্যমতে, ২৫টি প্রধান কনভেনশন শহরের তালিকায় টরন্টোর অবস্থান ২৪তম। ফোর্ড বলেন, “এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমনকি অনেক ছোট শহরও কনভেনশন আয়োজনের ক্ষেত্রে টরন্টোর চেয়ে এগিয়ে আছে। এর প্রধান কারণ হলো আমাদের কনভেনশন স্পেসের সীমাবদ্ধতা।”
তবে নতুন কনভেনশন সেন্টারটি ঠিক কোথায় নির্মাণ করা হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি ফোর্ড। তিনি শুধু জানিয়েছেন, এটি বর্তমান মেন্ট্রো টরন্টো কনভেনশন সেন্টারের পুনর্নির্মাণ হবে না। অর্থাৎ বর্তমান ভবন ভেঙে একই স্থানে নতুন ভবন তৈরি করার পরিকল্পনা নেই। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, নতুন সেন্টারটি ডাউনটাউন টরন্টোর কেন্দ্রেই নির্মাণ করা হতে পারে, যাতে আন্তর্জাতিক সম্মেলন, বাণিজ্য মেলা ও বড় ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে শহরটি আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।
বর্তমান মেন্ট্রো টরন্টো কনভেনশন সেন্টার ডাউনটাউন টরন্টোর গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র ইউনিয়ন স্টেশনের খুব কাছেই অবস্থিত। এখানে প্রায় ৪ লাখ ৪২ হাজার বর্গফুট প্রদর্শনী স্পেস রয়েছে। এছাড়াও রয়েছে ৭৭টি সভাকক্ষ, বহুমুখী বলরুম এবং একটি থিয়েটার। দীর্ঘদিন ধরে এই সেন্টারটি আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীর জন্য ব্যবহৃত হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর সীমাবদ্ধতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বড় পরিসরের বৈশ্বিক সম্মেলন আয়োজনের ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা ও আধুনিক সুবিধার অভাব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, নতুন কনভেনশন সেন্টার নির্মাণ হলে টরন্টোর আন্তর্জাতিক সম্মেলন শিল্পে নতুন গতি আসবে। এর ফলে শহরে পর্যটকের সংখ্যা বাড়বে এবং হোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়বে। ডগ ফোর্ডের ভাষায়, “আমরা এমন একটি কনভেনশন সেন্টার চাই যা আধুনিক, সহজে ব্যবহারযোগ্য এবং আন্তর্জাতিক মানের হবে। এর মাধ্যমে টরন্টোকে আবারও বৈশ্বিক কনভেনশন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।”
সরকার এখন প্রকল্পের পরিকল্পনা ও সম্ভাব্য স্থান নির্বাচন নিয়ে কাজ করছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই টরন্টো একটি নতুন ও অত্যাধুনিক কনভেনশন সেন্টার পেতে পারে।
Helal Chowdhury : Local Journalism Initiative Reporter

