
একটি ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে সৃষ্ট সমালোচনার মুখে ওয়েস্টজেট বলেছে, নতুন আসন বন্দোবস্তের পরিকল্পনা বাতিল করেছে তারা। নতুন আসন বিন্যাসে উড়োজাহাজ পরিবহনকারী সংস্থাটির অনেক উড়োজাহাজে অতিরিক্ত একটি সারি যোগ করার কথা ছিল। এতে যাত্রীদের পা রাখার জায়গা কমে যেতো।
কানাডার দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্সটি গত শুক্রবার এক ঘোষণায় বলে, ভ্রমণকারী এবং কর্মীদের কাছ থেকে আসা ব্যাপক সমালোচনার পর তারা কেবিনে সুপরিসর জায়গা রাখার পরিকল্পনায় ফিরে যাচ্ছে। এটা বেশ ব্যয়বহুল পুনঃস্থাপন প্রক্রিয়া।
ক্যালগেরি থেকে এক টেলিফোন সাক্ষাৎকারে ওয়েস্টজেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলেক্সিস ভন হোয়েন্সব্রোয়েশ বলেন, সমীক্ষা এবং টিকিট বিক্রয়ে নেতিবাচক প্রবণতা দেখার পর তিনি চূড়ান্ত এই কথা জানিয়েছেন। আমরা দেখেছি যে, পুরো প্রবণতাটিই ভুল পথে যাচ্ছে। আমরা যেমনটা আশা করেছিলাম এটা তেমনটা নয়। এ কারণেই আমরা সংশোধন করে নিচ্ছি।
বড় ধরনের এই পরিবর্তন এ বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে জানান তিনি।
ওয়েস্টজেটের প্রায় দুই ডজন বোয়িং ৭৩৭ উড়োজাহাজের অধিকাংশ কেবিনের ইকোনমি সেকশনে নন-রিসাইক্লিং আসন স্থাপন করা হয়েছে। এতে করে কানাডার যেকোনো বৃহৎ উড়োজাহাজ পরিবহনকারী সংস্থার তুলনায় ওয়েস্টজেটের উড়োজাহাজে পা রাখার জায়গা কমে গেছে।
ওয়েস্টজেটের কমপক্ষে ২০টি বা তার বেশি উড়োজাহাজে এই আসন বিন্যাস করার কথা ছিল। কিন্তু কেটি টিকটক ভিডিওতে যাত্রীর গুটিয়ে রাখা পা দেখা যাওয়ায় বিষয়টি জাতীয়ভাবে নজরে আসে। ১১ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।
কর্মী ও ভ্রমণকারীরা এই বলে সতর্ক করে দিয়েছেন যে, গাদাগাদি করে এই আসন বিন্যাস কেবিনের সুরক্ষা কমিয়ে দিয়েছে। বিশেষ করে উড়োজাহা খালি করার সময় এবং এটা গ্রাহক অভিজ্ঞতার জন্য সুখকর নয়। নিয়ন্ত্রক সংস্থা থেকে সনদ পাওয়ার পর ১৮০ আসনের জেটগুলো ১৭৪ আসনে রূপান্তরিক করার পরিকল্পনা করছে ওয়েস্টজেট।

