
প্রদেশের সলিসিটর জেনারেলের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন টরন্টো পুলিশ সার্ভিস (টিপিএস) প্রধান মাইরন ডেমকিউ। সলিসিটর জেনারেলের দাবি, নগরীতে হেইট ক্রাইম ঠেকাতে আইন-শৃঙ্খলা প্রয়োগে শৈথিল্য রয়েছে।
বৃহস্পতিবার অন্টারিও সলিসিটর জেনারেল মাইকেল কার্জনারকে লেখা এক চিঠিতে ডেমকিউ এবং টিপিএস বোর্ডের চেয়ার কাউন্সিলর শেলি ক্যারোল বলেন, টরন্টোর পুলিশ কর্মকর্তাকে আইন প্রয়োগ করছেন এবং তারা কাজ করছেণ না বলে যে দাবি করা হচ্ছে তা সঠিক নয়। এ ছাড়া তাদের প্রতি জনআস্থা হ্রাসে তারা অবদান রাখছে বলে যে কথা বলা হচ্ছে তারও কোনো সত্যতা নেই।
তারা বলেছেন, গত দুই বছরে কর্মকর্তারা ৪৬০ জনকে গ্রেপ্তার করেছেন এক হাজারের বেশি অভিযোগ দায়ের করেছেন। আইনের বাইরে পুলিশ ক্ষমতা ধরে রেখেছে বলে যে কথা বলা হয় তা তাদের প্রতি জনআস্থাকে খাটো করার সামিল। এটা আমাদের কমিউনিটির মধ্যে আরও ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করছে।
ডেমকিউ বলেন, বিদ্বেষ এবং ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে পুলিশ ধারাবাহিকভাবে তাদের অবস্থান ধরে রেখেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে সন্ত্রাসী হামলার পর হেইট ক্রাইম ও ইহুদিবিদ্বেষ নাটকীয়ভাবে বেড়ে গিয়েছিল।
ডেমকিউ এবং ক্যারোল তাদের চিঠিতে লিখেছেন, টরন্টো পুলিশ সার্ভিসের কর্মকর্তারা প্রতিদিন কঠিন ও অবিশ^াস্য সব কাজ করছেন। এজন তারা সম্মান ও সহায়তা পাওয়ার দাবিদার। কারণ, আমাদের কমিউনিটিকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব কিছু তারা অব্যাহতভাবে করে যাচ্ছেন।
এরপর তারা কার্জনারকে তাদের সঙ্গে বৈঠকের অনুরোধ জানান। সেই সঙ্গে অন্টারিওর অ্যাটর্নি জেনারেল ডগ ডাউনির সঙ্গে বৈঠকেরও আহ্বান জানান, যেখানে পুলিশকে সহায়তার জন্য আর কী করা যেতে পারে তা নিয়ে আলোচনা হবে।

