
কানাডার প্রতি বছর তিন লাখের কম অভিবাসী গ্রহণ করা উচিত বলে মনে করেন দেশটিতে নতুন আসা ৬৭ শতাংশ অভিবাসী। তবে তাদের প্রতি দশজনের মধ্যে একজন অর্থাৎ ১০ শতাংশের মতে, সংখ্যা এক লাখেরও কম হওয়া উচিত। ওমনি নিউজের জন্য করা লেজার পোলের সাম্প্রতিক এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।
নভেম্বরে ফেডারেল বাজেট ঘোষণার আগে আগে সমীক্ষাটি পরিচালনা করা হয়, যখন অটোয়া ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত পার্মামেন্ট রেসিডেন্ট ভিসার সংখ্যা বছরে ৩ লাখ ৮০ হাজারে নামিয়ে আনার ঘোষণা দিয়েছিল। যদিও সমীক্ষায় অংশগ্রহণকারীদের বিশ^াস, ভিসা অনুমোদন এবং আগে থেকেই যারা কানাডায় অবস্থান করছেন তাদের জন্য পর্যাপ্ত আবাসন ও সামাজিক সহায়তা নিশ্চিত করা একইসঙ্গে হওয়া উচিত।
এ বছরের সমীক্ষার ফলাফল নিয়ে আলোচনার জন্য ওমনি নিউজের ইতালিয়ান ব্যুরোর প্রতিবেদক টেরেসা রোমানোর সঙ্গে কথা বলেন সঞ্চালক ক্যারিন সিওলিন। কানাডায় নবাগত ও অভিবাসীদের জন্য আমাদের অভিবাসন ব্যবস্থা কাজ করছে কী করছে না তা নিয়েও আলোচনা করেন তারা।

