
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইস্পাত ও লাম্বার খাতের সহায়তায় ও খাত দুটিকে রক্ষায় একগুচ্ছ নতুন পদক্ষেপ ঘোষণা করেছেন। নতুন পদক্ষেপের মধ্যে রয়েছে, কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নেই এমন দেশ থেকে স্পিাত আমদানি আরও সীমিত করা। অর্থাৎ, ২০২৪ সালের ৫০ শতাংশের বদলে আমদানির পরিমাণ ২০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন তিনি। এর মূল্য উদ্দেশ্য মূলত চীনে উৎপাদিত ইস্পাত আমদানি কমিয়ে আনা।
পাশাপাশি যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বাদে কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি থাকা অন্যান্য দেশের কোটাও কমিয়ে আনবে সরকার। এই কোটা ২০২৪ সালের ১০০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশে নামিয়ে আনা হবে। সেই সঙ্গে ইস্পাত দিয়ে তৈরি সুনির্দিষ্ট পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কও আরোপ করা হবে।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার অটোয়াতে এই ঘোষণা দেন। গত মাসে অন্টারিওর শুল্কবিরোধী বিজ্ঞাপণকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য আলোচনায় অচলাবস্থা দেখা দেওয়ার মধ্যে এই ঘোষণা দেওয়া হলো।
পার্লামেন্ট হিল থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কার্নি বলেন, আমরা সবাই জানি যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দশকের পর দশক ধরে চলে আসা অর্থনৈতিক সম্পর্কের অবসান ঘটেছে। এর ফলে আমাদের অনেকগুলো শক্তির জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে সেইসব শিল্প যেগুলো খুব বেশি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কযুক্ত।
এ ছাড়া ফেডারেল সরকার কানাডাজুড়ে ইস্পাত ও লাম্বার জাহাজ ভাড়া ৫০ শতাংশ হ্রাস করবে। আগামী বসন্ত থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে।

