
গত বছর থেকে সক্রিয় একটি র্যানসামওয়্যার গ্রুপ অক্সফোর্ড কাউন্টিতে সাইবার হামলার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। ওই সাইবার হামলায় অক্সফোর্ড কাউন্টির প্রায় চার হাজার সাবেক ও বর্তমান কর্মীর ব্যক্তিগত তথ্য হামলাকারীদের হস্তগত হয়।
৩০ জন নিরাপত্তা গবেষক, লেখক, ডেভেলপার এবং সম্পাদকদের নিয়ে ২০১৫ সালে প্রতিষ্ঠিত সাইবার সিকিউরিটি ওয়েবসাইট কম্পারিটেকডটকম জানিয়েছে, সেপ্টেম্বরে অক্সফোর্ড কাউন্টিতে সাইবার হামলার পেছনে ছিল ব্রেইন সাইফার নামের একটি র্যানসামওয়্যার গ্রুপ।
কম্পারিটেকের গবেষণা প্রধান রেবেকা মুডি এক ইমেইল বিবৃতিতে বলেন, ২০২৫ সালের ২১ অক্টোবর ব্রেইন সাইফার তাদের সাইটে সরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার পর অক্সফোর্ড কাউন্টিতে সাইবার হামলার বিষয়টি আমরা প্রথম জানতে পারি। ব্রেইন সাইফারের দাবি খতিয়ে দেখার পর আমরা জানতে পারি যে, কাউন্টিটি সাইবার হামলার শিকার হয়েছে। সুতরাং, দুটি বিষয় পরস্পর সম্পর্কিত বলে প্রতীয়মান হয়।
অক্সফোর্ড কাউন্টি কর্মকর্তারা এক ইমেইল বিবৃতিতে বলেছেন, গ্রুপটির দায় স্বীকার করার বিষয়টিতে তারা অবগত আছেন।
কাউন্টিটি সতর্ক করে বলেছে, হামলার বিষয়ে বিস্তারিত প্রকাশ করলে অননুমোদিত পক্ষগুলোর কাছ থেকে আরও হামলার ঝুঁকি আসতে পারে।
মুডি বলেন, ব্রেইন সাইফর প্রথম আবির্ভুত হয় ২০২৪ সালে। র্যানসামওয়্যার গ্রুপটির উপাত্ত ফাস করার সাইটটির অবস্থান ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের গোপন স্থান, যেখানে প্রবেশ করতে বিশেষ ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয় এবং ব্যবহারকারীরা বেনামে তথ্য শেয়ার করতে পারেন।

