
নিম্ন আয়ের কানাডিয়ানদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ট্যাক্স ফাইল করবে ফেডারেল সরকার, যাতে করে তারা সরকারি সহায়তাগুলো গ্রহণের যোগ্য হন। শুক্রবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
কার্নির কার্যালয় জানিয়েছে, ২০২৭ সাল থেকে কানাডা রেভিনিউ এজেন্সি ২০২৬ করবর্ষের জন্য প্রায় ১০ লাখ লোকের স্বয়ংক্রিয় ট্যাক্স ফাইলিং শুরু করবে। তবে ২০২৮ সাল নাগাদ সংখ্যাটি ৫৫ লাখে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে তারা জিএসটি/এইচএসটি ক্রেডিট, কানাডা চাইল্ড বেনিফিট, কানাডা ডিজঅ্যাবিলিটি বেনিফিটের মতো সরকারি সুবিধাগুলো গ্রহণের যোগ্য বিবেচিত হবেন।
আসন্ন ফেডারেল বাজেটে ব্যবস্থাটি রাখা হচেছ। ৪ নভেম্বর ফেডারেল বাজেট উপস্থাপনের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী কার্নি বলেছেন, লাখ লাখ নিম্ন আয়ের কানাডিয়ান তাদের ট্যাক্স ফাইল করতে পারেন না। এর কারণ, হয় তাদের সম্পদ নেই অথবা তারা মনে করেন যে, তাদের আয় এতই কম যে, এতে কিছু যায় আসে না। এর অর্থ হলো সবচেয়ে দরকার হলেও সরকারি সহায়তা থেকে বঞ্চিত হন তারা।
২০২৩ সালেই উদ্যোগটি নিয়েছিল অটোয়া। এমনকি ২০২৪ সালের ফল ইকোনমিক আপডেটেও ফেডারেল সরকারের আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়েছিল।
আসন্ন বাজেটে ন্যাশনাল স্কুল ফুড প্রোগ্রামকে স্থায়ী রূপ দেওয়া হচ্ছে। কর্মসূচিটির আওতায় ৪ লাখ পর্যন্ত শিশুকে খাবার সরবরাহ করা হয়। কর্মসূচিটি স্কুলেই শিশুদের স্বাস্থ্যকর খাবার খাওয়া নিশ্চিত করছে এবং দুই সন্তানের একটি পরিবারের গ্রোসারি বাবদ ৮০০ ডলার ব্যয় সাশ্রয় করছে।
কার্নি বলেন, এটিকে স্থায়ী করে কানাডার আরও স্কুলে কর্মসূচিটি সম্প্রসারণ করতে আমরা প্রদেশ, অঞ্চল ও আদিবাসী অংশীজনদের সঙ্গে কাজ করব।

