
পর্যায়ক্রমে ধর্মঘট পালনের যে সিদ্ধান্ত কানাডা পোস্টের কর্মীরা নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে দি কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেস (সিএফআইবি)। একই সঙ্গে তারা বলেছে, পর্যাক্রমিক ধর্মঘট নিয়ে অনিশ্চয়তা এবং আলবার্টায় শিক্ষক ধর্মঘট প্রদেশের ব্যবসায়ীদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সিএফআইবির আলবার্টার জ্যেষ্ঠ নীতি বিশ্লেষক কেয়োড সাউথউড বলেন, এর ফলে প্রদেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা কিছুটা হলেও শুরু হবে। একই সঙ্গে এটা আরও বেশি অনিশ্চয়তাও তৈরি করছে। গ্রাহকরা জানেন না যে, কখন তাদের মেইলটি সরবরাহ করা হবে।
এডমন্টনের অড্রেস বুকসের পক্ষে তাদের নগরীর বাইরে তাদের কিছু গ্রাহককে বইয়ের সরবরাহ দেওয়া অসম্ভব। স্টোরের সহ-সত্ত্বাধিকারী স্টিভ বাডনারচাক বলেন, এই মুহূর্তে এই ধর্মঘট আমাদের জন্য বড় সমস্যা। একইসঙ্গে আমাদের গ্রাহকদের জন্যও সমস্যা। কারণ, গ্রামীণ পোস্ট অফিস বক্সের গ্রাহকরা কানাডা পোস্ট ছাড়া মেইল ডেলিভারি পাবেন না।
শিক্ষক ধর্মঘটও চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছে সিএফআইবি। সাউথউড বলেন, স্কুলগুলোর পাশর্^বর্তী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালু রাখার সময়ও কমানো হয়েছে। কর্মীরা না পাওয়ায় কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে। কারণ, কর্মীদেরকে তাদের পরিবারের প্রতি খেয়াল রাখতে হচ্ছে।

