
অধিকাংশ কানাডিয়ান রেস্তোরাঁয় খাওয়া এড়িয়ে চলছেন। রেস্টুরেন্ট কানাডার প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। সোমবার প্রতিবেদনটি প্রকাশ করে রেস্টুরেন্ট কানাডা।
প্রতিষ্ঠানটির ২০২৫ ফুডসার্ভিস ফ্যাক্টস প্রতিবেদন অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে প্রতি চারজনের মধ্যে তিনজন অর্থাৎ ৭৫ শতাংশ কানাডিয়ান খুব কমই খাওয়ার জন্য রেস্তোরাঁয় যাচ্ছে। অপেক্ষাকৃত কম বয়সী অর্থাৎ ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে এই হার আরও বেশি ৮১ শতাংশ।
রেস্টুরেন্ট কানাডার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেলি হিগিনসন বলেন, গত এক বছরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো এটা খুবই চ্যালেঞ্জিং বাজার। কারণ, কানাডিয়ানদের এখনো ক্রয়ক্ষমতা সংকট মোকাবিলা করতে হচ্ছে এবং পরিচালন ব্যয় বৃদ্ধি রেস্তোরাঁ পরিচালকদের মুনাফা মার্জিন সংকুচিত করছে।
২০১৯ সালে কানাডিয়ানরা রেস্তোরাঁয় খাবার বাবদ কিছুটা বেশি ব্যয় করেছিলেন। ওই বছর কানাডিয়ানরা ফুল সার্ভিস রেস্তোরাঁ এক হাজার ১৬৫ ডলার এবং কুইক-সার্ভিস রেস্তোরাঁয় এক হাজার ১৫০ ডলার ব্যয় করেছিলেন। ২০২৫ সালে কানাডিয়ানদের ফুল-সার্ভিস রেস্তোরাঁ ব্যয় কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৫ ডলার এবং কুইক-সার্ভিস রেস্তোরাঁ ব্যয় কমে হয়েছে এক হাজার ১৩৫ ডলার।
মিলেনিয়ালদের মধ্যে ৫১ শতাংশ প্রতি সপ্তাহে অন্তত রেস্তোরাঁ থেকে খাবার কেনেন। জেন জিদের মধ্যে এই হার ৪৭ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতি মাসে অন্তত ৬৫ শতাংশ কানাডিয়ান পূর্ণাঙ্গ মিলের পরিবর্তে ¯œ্যাক দিয়ে চালিয়ে নেন। মিলেনিয়ালদের মধ্যে এই হার ৫৩ এবং জেন জিদের মধ্যে ৫০ শতাংশ। কিন্তু বেবি বুমার এবং জেন এক্সদের মধ্যে এই প্রবণতা তুলনামূলক কম। বেবি বুমারদের ৩২ শতাংশ এবং জেন এক্সদের ৪২ শতাংশ মাসে অন্তত একবার পূর্ণাঙ্গ মিলের পরিবর্তে ¯œ্যাক দিয়ে চালিয়ে নেন।
রেস্টুরেন্ট কানাডার গবেষণা বিশ্লেষক এবং প্রতিবেদনের সহ-লেখক সারা হামদি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এই মুহূর্তে সবাই ভুক্তভোগী, বিশেষ করে তরুণ প্রজন্ম। কানাডিয়ানরা এখনো বাইরে খেতে বা খাবার অর্ডার করতে পছন্দ করেন। কিন্তু তারা তাদের ডলারের আরও ভালো কার্যকর মূল্য চাইছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রিটার্ন-টু-অফিস আদেশ দুপুরের খাবারের সময় কুইক-সার্ভিস রেস্তোরাঁগুলোতে ভিড় বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ। গত ছয় মাসে ৬৪ শতাংশ কানাডিয়ান খাবারের ক্রয়াদেশ দিয়েছেন। জেন জিদের মধ্যে এ হার ৭৯ শতাংশ এবং বেবি বুমারদের মধ্যে ৪৯ শতাংশ।
কানাডিয়ানরা অ্যালকোহল পানও কমিয়ে দিয়েছেন। প্রতিবেদন বলছে, ৪১ শতাংশ কানাডিয়ান গত এক বছরে অ্যালকোহল পান কমিয়ে দেওয়ার কথা জানিয়েছেন।

