
কানাডার পরবর্তী বাজেটে ব্যয়ের রাশ টেনে ধরা হবে। একই সঙ্গে বৃহৎ বিনিয়োগকে উৎসাহিত করা হবে। বুধবার লিবারেল কেবিনেট রিট্রিটে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
টরন্টোতে সাংবাদিকদের কার্নি বলেন, এক দশকের বেশি সময় ধরে ফেডারেল সরকারের ব্যয় সাকল্যে প্রতি বছর গড়ে ৭ শতাংশ হারে বেড়েছে। এটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বিগুণ। কোনোমতেই এটা টেকসই পরিস্থিতি হতে পারে না। আমাদের ব্যয়ের লাগাম টেনে ধরতে হবে।
তিনি বলেন, সরকারের দৃষ্টি থাকবে পরিচালন বাজেট কমানোর দিকে। সরকার পরিচালনায় প্রাত্যহিক যে ব্যয় সেটাই পরিচাল বাজেট। করদাতাদের মূল্যবান ডলার যতটা সম্ভব সতর্কতার সঙ্গে খরচ করা উচিত।
দুই সপ্তাহের মধ্যে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে তার মন্ত্রিসভার সদস্যরা টরন্টোতে দুই দিনের রিট্রিটে অংশ নেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেও সামনে এগিয়ে যেতে সরকারের কৌশলের দিকে মনোযোগ থাকবে লিবারেল মন্ত্রিসভার। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘ ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান মার্ক কার্নি।
তিনি বলেন, বেশ কিছু বিষয়, ভূরাজনৈতিক সমস্যা এবং কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কথা হয় তাদের মধ্যে।
সাংবাদিকদের কার্নি বলেন, ফেডারেল ব্যয়ের ক্ষেত্রে দক্ষতা আনার চেষ্টা করবে সরকার। একই সঙ্গে বৃহৎ প্রকল্পগুলোর কথা তুলে ধরবে। এরপর আমরা বড় বিনিয়োগের জায়গা তৈরি করে দেব।
এদিকে কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর বলেছেন, ঘাটতি কমিয়ে আনার কোনো ইঙ্গিত প্রধানমন্ত্রী কার্নি দেননি।
তিনি বলেন, মার্ক কার্নি আলাদা কেউ নন। তিনি আরও খারাপ। আমাদের পরামর্শ, আমলাতন্ত্র, কপোরেট ওয়েলফেয়ার এবং অন্যান্য অপচয় কমিয়ে আনা প্রয়োজন।

