
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাস্কের সঙ্গে কথা বলতে এবং ওয়ারশতে কানাডিয়ান সৈন্যদের সঙ্গে হাত মেলাতে ও সেখানকার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করতে সোমবারই ইউরোপ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
কর্মকর্তারা পোল্যান্ডকে কানাডার গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে এই মন্তব্য করেছেন যে, এই সফরের উদ্দেশ্য দুই দেশের মধ্যে জ্বালানি ও প্রতিরক্ষা অংশীদারিত্ব শক্তিশালী করা।
পোল্যান্ড থেকে মঙ্গলবারই জার্মানিতে যান কার্নি। সেখানে তিনি জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিক মার্জের সঙ্গে বৈঠক করেন। বার্লিনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সফরের আগে শুক্রবার কার্নি সাংবাদিকদের বলেন, জার্মানির সঙ্গে কানাডার দারুণ অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। অনেক বছর ধরে এই সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু এটা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। আমি আত্মবিশ^াসী যে, এই চ্যান্সেলর এবং আমাদের সরকারের মনোযোগের কারণে তা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী হিসেবে কার্নি মার্জের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন গত মে মাসে ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে। এরপর গত জুনে আলবার্টায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনেও তার সঙ্গে সাক্ষাৎ হয় কার্নির।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা শুক্রবার সাংবাদিকদের বলেন, সফরকালে জার্মানির প্রথম সারির কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে প্রধানমন্ত্রীর একটি গোলটেবিল অনুষ্ঠিত হবে। সেখানে বিশেষভাবে আলোচিত হবে গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে।
গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ এবং গবেষণা ও উন্নয়ন নিয়ে একটি যৌথ ঘোষণারও আশা করছে কানাডা। প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী টিম হজসন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। বুধবার প্রধানমন্ত্রী লাটভিয়ার রাজধানী রিগাতে যান।

