
টরন্টোর গ্রিকটাউন নেবারহুডে এ বছরও কোনো ফুড ভেন্ডর, লাইভ মিউজিক, বিনোদন অথবা অন্য কোনো আকর্ষণ থাকছে না। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো বাতিল হলো টেস্ট অব দ্য ড্যানফোর্থ।
নগরীর সবচেয়ে প্রিয় উৎসবগুলোর একটি হচ্ছে টেস্ট অভ দ্য ড্যানফোর্থ। সাধারণত প্রতি বছর আগস্টের দ্বিতীয় সপ্তাহে এই উৎব অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এ বছর অনেকটা গোপনেই তা বাতিল করা হয়েছে।
কালিভিয়া রেস্টুরেন্টের কর্ণধার জিম সাফাতিনোস গত এপ্রিলে যখন অনুমতি পাননি তখনই জেনে গিয়েছিলেন যে, এ বছর উৎসব হচ্ছে না। সিটিভি নিউজ টরন্টোকে তিনি বলেন, আপনি যখন কাগজপত্র পাবেন না, তখন বুঝতে হবে কিছু একটা গড়বড় আছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আমরা বাদে প্রত্যেকেরই উৎসব আছে।
গত বছর ইস্ট-এন্ড পথ উৎসবটি বাতিল করা হয়েছিল তহবিল সংকটের কারণে। ড্যানফোর্থ বিআইএর গ্রিকটাউন বলেছে, উৎসবটি এগিয়ে নিতে নতুন টাইটেল স্পন্সর প্রয়োজন। কারণ, এর সদস্যরা যে লেভি অনুমোদন করেছে তা দিয়ে খরচ চালানো সম্ভব নয়। তবে এ বছর কেন উৎসবটি হচ্ছে না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি বিআইএ।
ওই এলাকার প্রতিনিধি কাউন্সিলর পাওলা ফ্লেচার সিপি২৪কে বলেন, নেবারহুড গ্রুপ মনে করেছে যে, এ বছরও তারা জনপ্রিয় অনুষ্ঠানটি করতে পারছে না।
তবে কীভাবে এটিকে ফিরিয়ে আনা যায় সেই উপায় খুঁজে বের করতে বিআইএর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফ্লেচার বলেন, যেভাবেই হোক সিটি কর্তৃপক্ষ গ্রুপটিকে সহায়তা করতে চায়।
গ্রিকটাউন বিআইএর চেয়ার সিটিভি নিউজ টরন্টোকে বলেন, আগামী বছর উৎসবটি ফিরিয়ে আনতে কাজ করছে গ্রুপ। যদিও তা হবে ভিন্নভাবে। পরিকল্পনাটি প্রক্রিয়াধীন রয়েছে। একইভাবে এ নিয়ে সিটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও চলছে।

