
ভর্তুকি সুবিধায় দেওয়া ডেকেয়ার সেবা থেকে কিছু অভিবাসী শিশুকে বাদ দেওয়ার যে নির্দেশিকা কুইবেক সরকার জারি করেছিল তার আংশিকভাবে বাতিল করা হয়েছে। ফ্যামিলিজ মন্ত্রী সুজানে রয় বলেন, সরকার নীতিটি পর্যালোচনা করে দেখছে এবং যেসব অভিবাসী শিশু এরই মধ্যে করে দিতে ডেকেয়ার নেটওয়ার্ককে নির্দেশনা দিয়েছেন।
এ মাসের গোড়ার দিকে সরকার একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, ওপেন ওয়ার্ক পারমিটে কানাডায় বসবাসকারী বিদেশি কর্মীরা ভর্তুকি মূল্যের ডেকেয়ার সেবা প্রাপ্তির যোগ্য হবেন না। বর্তমানে ভর্তুকিতে ডেকেয়ার বাবদ গুণতে হয় দৈনিক ৯ দশমিক ৩৫ ডলার।
ফ্রান্স এবং ইউক্রেনের অভিবাসী বাবা-মায়েরা মঙ্গলবার কুইবেকের ফ্যামিলিজ ডিপার্টমেন্টকে মামলার হুমকি দেন। তারা এই নির্দেশিকাকে বাতিলযোগ্য ও অবৈধ বলে অভিহিত করেন।
তাদের যেসব সন্তান এক বছরের বেশি সময় ধরে ভর্তুকি মূল্যে ডেকেয়ার সেবা পাচ্ছিল তারা বহিস্কারের মুখে ছিল। রয় বলেন, তবে ওপেন ওয়ার্ক পারমিটে কানাডায় বসবাসকারী বিদেশি বাবা-মায়েদের নতুন আবেদনের ক্ষেত্রে এখনো এই নির্দেশিকা বহাল আছে।
উল্লেখ্য, ওপেন ওয়ার্ক পারমিটে কোনো বিদেশি কর্মী কানাডায় যেকোনো নিয়োগদাতার হয়ে কাজ করার সুযোগ পান।

