
ফেডারেল পাবলিক সার্ভিসে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ, ধরে রাখা ও পদোন্নতি নিয়ে গবেষণার পরিকল্পনা করছেন ফেডারেল অডিটর জেনারেল। তথ্য অধিকার আইনে এ সংক্রান্ত একটি নথি হাতে পেয়েছে দি কানাডিয়ান প্রেস। তাতে এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, বসন্তেই নিরীক্ষাটি উপস্থাপন করা হতে পারে।
অডিটর জেনারেল অব কানাডার কার্যালয়ের মুখপাত্র ক্লেয়ার বোদ্রি এক ইমেইলে বলেন, ২০২৬ সালে অডিটর জেনারেল কারেন হোগান এ সংক্রান্ত প্রতিবেদন সংসদে উপস্থাপনের প্রত্যাশা করছেন। তবে নিরীক্ষাটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে এবং এর পরিধি এবং সময়সীমা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি।
আসন্ন গবেষণা নিয়ে হোগানের কার্যালয় গত ৭ মার্চ ট্রেজারি বোর্ডের সচিব বিল ম্যাথিউসকে একটি চিঠি পাঠান। পাবলিক সার্ভিসে নিয়োগ ন্যায্যতা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মার্চ থেকে মূল সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের অংশগ্রহণ ধারাবাহিকভাবে বেড়েছে। এগুলো হলো ফেডারেল সরকারের বিভিন্ন বিভাগ এবং সংস্থা যেগুলো ট্রেজারি বোর্ডের অধীনে।
কিন্তু সংখ্যাটি এখনো প্রাপ্য শ্রমশক্তির হারের নিচে অবস্থান করছে। ২০২৪ সালে ফেডারেল পাবলিক সার্ভিসে কর্মরত ছিলেন ২১ হাজার ৮৯ জন প্রতিবন্ধী ব্যক্তি। ২০২৩ সালে যেখানে সংখ্যাটি ছিল ১৭ হাজার ৪১০ জন, ২০২২ সালে ১৪ হাজার ৫৭৩ জন এবং ২০২১ সালে ১২ হাজার ৮৯৩ জন।
প্রতিবেদনে আরও উঠে এসেছে, সরকারের নির্বাহী পদে প্রতিবন্ধীদের সংখ্যা প্রাপ্য শ্রমশক্তির হারের তুলনায় বেশি রয়েছে। ২০২৪ সালের মার্চ পর্যন্ত ফেডারেল নির্বাহীদের ৯ দশমিক ৭ শতাংশ ছিলেন প্রতিবন্ধী। ২০১৯ সালের মার্চে যেখানে হারটি ছিল ৪ দশমিক ৬ শতাংশ।

