
গত ২২ জুন কানাডার স্কারবোরোতে অনুষ্ঠিত হলো বিসিসিবি ওমেন প্ল্যাটফর্মের উদ্যোগে একটি আনন্দঘন ঈদ আড্ডা। রূপসী বাংলা রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল প্রাণবন্ত আড্ডা, অভিজ্ঞতা বিনিময়, সংস্কৃতি ও একে-অপরের সঙ্গে বন্ধনের গল্প।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানিজা রেজা এবং সহযোগিতায় ছিলেন আফসানা জেরিন। বিসিসিবি ওমেনের এই ব্যতিক্রমী আয়োজনে মূলধারার সহযোগিতায় যুক্ত ছিলেন কো-ফাউন্ডার রিমন মাহমুদ এবং সায়মা হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল কানাডায় বসবাসরত বিভিন্ন পেশাজীবী আটজন নারীকেও। চিকিৎসা, স্থাপত্য, শিক্ষা ও প্রশাসনিক পেশাসহ নানান ক্ষেত্রের কর্মজীবী নারীরা উপস্থিত থেকে নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও অনুপ্রেরণার গল্প শেয়ার করেন, যা উপস্থিত সকল নারীর জন্য হয়ে ওঠে একটি শিক্ষণীয় ও উদ্বুদ্ধকর সময়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসমা সুমির আবৃত্তি পরিবেশনা। এ ছাড়াও উপস্থিতরা অংশ নেন মজার কিছু খোলামেলা আলোচনায় এবং উপভোগ করেন র্যাফেল ড্র-র উত্তেজনা।
এই আয়োজনের মাধ্যমে স্কারবোরো অঞ্চলে নারীদের মাঝে সৃষ্টি হয় বন্ধনের এক উষ্ণ পরিবেশ, যা বিসিসিবি ওমেন প্ল্যাটফর্মকে আরও সুদৃঢ় করে তোলে। অ্যাডমিন তানিজা রেজা অনুষ্ঠানে অংশ নেওয়া সকল অতিথি ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিসিসিবি ওমেন ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

