
স্বচ্ছ সুপেয় পানিপ্রাপ্তি নিশ্চিত করতে দ্রুত বিল উত্থাপন ও তা পাশ না করলে সাংসদরা ফার্স্ট নেশন শিশুদের জীবন নিয়ে খেলা করবেন। এমনটাই বলেছেন অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশন্সের (এএফএন) জাতীয় প্রধান সিন্ডি উডহাউস নেপিনাক।
তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে লিবারেলরা একটি আইন প্রস্তাব করেছিল। সেখানে স্বচ্ছ সুপেয় পানির নিশ্চয়তার বিধান ছিল। কিন্তু সংসদের অধিবেশন বন্ধ হয়ে যাওয়ায় এবং নির্বাচন আহ্বান করার কারণে তা আর পাশ হয়নি।
সিন্ডি উডহাউস নেপিকান বলেন, সংসদে যারা বসতে যাচ্ছেন তাদের প্রত্যেকেরই দেশের শিশুদের ভবিষ্যৎ নিয়ে ভাবার দায় আছে। এবং যারা এ নিয়ে খেলছে, রাজনৈতিকভাবে পেছনে ঠেলে দিচ্ছে এবং একে অপরের দিকে ঠেলে দিচ্ছে তাদের নিন্দা জানাই। আপনাদের সবার বাধ্যবাধকতা রয়েছে। আপনাদের প্রত্যেকের সামনেই এতে সমর্থন জানানোর সুযোগও রয়েছে।
কমিটিতে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর লিবারেলরা সর্বসম্মত প্রস্তাবের মাধ্যমে বিলটি সেনেটে পাঠানোর উদ্যোগ নিয়েছিল। কিন্তু কনজার্ভেটিভরা তাতে বাদ সাধে। কনজার্ভেটিভরা সে সময় একই প্রস্তাব উত্থাপন করে। তবে লিবারেলদের নিন্দা জানিয়ে ভাষা যুক্ত করে এতে। সেই প্রস্তাবও বাতিল হয়ে যায় এবং ট্রুডো জানুয়ারিতে সংসদের অধিবেশ স্থগিত করলে বিলটির মৃত্যু ঘটে।
তবে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিল সি-৬১ নামে পরিচিত বিলটি পুনরায় উত্থাপনের ইঙ্গিত দিয়েছেন। আদিবাসী কমিউনিটিগুলোর সঙ্গে কথা বলার পর তিনি এই ইঙ্গিত দেন। উডহাউস নেপিনাক বলেন, তিনি চান প্রধানমন্ত্রী যেনো তার প্রতিশ্রুতি রক্ষা করেন।
উডহাউস নেপিনাক সোমবার যখন এই মন্তব্য করছিলেন তখন তার পাশে ছিলেন অন্য ফার্স্ট নেশন নেতারা। তারা সরকারের প্রথম একশ দিনের রূপরেখা তুলে ধরছিলেন।

