
মিসিসোগায় বুধবার গুলিতে ৫১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। পিল পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। নিহতের নাম হারজিৎ ধাদ্দা। তিনি ব্র্যাম্পটনের বাসিন্দা।
পিল পুলিশ বলেছে, দুপুরের কিছু আগে ডিক্সি এবং ডেরি রোডের কাছে ট্রামারে ড্রাইভ অ্যান্ড টেলফোর্ড ওয়ের কাছে একটি পার্কিং লটে দাঁড়িয়েছিলেন ধাদ্দা। ঠিক সেই সময় সন্দেহভাজন তার দিকে এগিয়ে যায় এবং তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে।
গুলিবিদ্ধ ধাদ্দাকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হয় এবং কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
পুলিশ বলছে, সন্দেহবাজন ২০১৮ মডেলের একটি চোরাই ডজ চ্যালেঞ্জারে করে পালিয়ে যায়। তদন্তকারীরা এরপর গাড়িটি জব্দ করতে সক্ষম হয়েছেন।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, তাদের বিশ্বাস এটা উদ্দেশ্যমূলক গুলি। সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে অনলাইনে এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়া অসমর্থিত তথ্যের ব্যাপারে তারা অবগত রয়েছে। সেই সঙ্গে কোনো ধরনের গুজব থেকে দূরে থাকতে জনগণের প্রাত আহ্বান জানিয়েছে তারা।
পুলিশ বলেছে, সম্ভাব্য সবকিছু পরীক্ষা করে দেখা হবে। এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা সিটিভি নিউজ টরন্টোকে বুধবার বলেন, গুলি করার সময় ভুক্তভোগী তার ট্রাকের পাশে দাঁড়িয়েছিলেন। এক ব্যক্তি ডজনখানেক গুলির শব্দ শোনার কথা স্মরণ করেন। এ সময় সড়কের ওপাশে একটি আইনি প্রতিষ্ঠনের জানালাতেও গুলি লাগে।
এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে তদন্তকারীরা ৯০৫-৪৫৩-২১২১ নাম্বারে তাদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।

