
ফেডারেল নির্বাচনে টরন্টোর একটি রাইডিং থেকে বিজয়ী হয়েছেন টরন্টোর সাবেক ডেপুটি মেয়র জেনিফার ম্যাকেলভি। কনজার্ভেটিভ প্রার্থী গ্রেগ ব্র্যাডিকে পরাজিত করেছেন তিনি।
মার্ক হল্যান্ডের ছেড়ে দেওয়া লিবারেল পার্টির আসন অ্যাজাক্স রাইডিং থেকে এক মাস আগেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন টরন্টোর এই কাউন্সিলর। ২০১৮ সাল থেকে টরন্টো সিটি কাউন্সিলে প্রতিনিধিত্বকারী ম্যাকেলভি সিটি হল থেকে ছুটি নেন। কাউন্সিলে ওয়ার্ড ২৫ অর্থাৎ স্কারবোরো-রোগ পার্কের প্রতিনিধিত্ব করছিলেন।
কাউন্সিলর থাকাকালে ২০২৩ সালে কিছুদিনের জন্য তিনি মেয়রের দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত সম্পর্কের কারণে সাবেক মেয়র জন টরি পদত্যাগ করার পর এই দায়িত্ব পালন করেন তিনি।
নির্বাচনে অংশ নেওয়ার জন্য ব্র্যাডিও তার এএম৬৪০ সঞ্চালনা থেকে ছুটি নেন। তিনি বলেন, লোকজন হোম হিটিং বা পাম্পে কার্বন ট্যাক্স চায়নি। ক্যাপিটাল গেইন ট্যাক্স, অথবা তাঁবুতে গৃহহীনদের ঘুমানোও দেখতে চায়নি তারা।
নিজের এক্স অ্যাকাউন্টে সোমবার লোকজনকে ভোট দিতে আসার আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেন তিনি। ব্র্যাডি ওই ভিডিওতে বলেন, আমি উত্তেজিত। আপনারাও সম্ভবত উত্তেজিত। এজন্যই আপনারা অপেক্ষা করে ছিলেন। এটাই আপনারা চেয়েছিলেন। গত ১০ বছরকে পরিবর্তন করার সুযোগ এটা। হারিয়ে যাওয়া লিবারেল দশক।
নির্বাচনী প্রচারণাকালে ম্যাকেলভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে বলেন, প্রচারণার শেষ ক্যানভাস। কনকনে ঠান্ডা, বৃষ্টি ও রোদের মধ্যে আমাদের যেসব সুন্দর স্বেচ্ছাসেবী বেরিয়ে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ।
আগের অ্যাজাক্স-পিকারিং রাইডিংটি ধরে রেখেছিলেন হল্যান্ড। ২০০৪ সালে তিনি প্রথমে লিবারেল পার্টিতে যোগ দেন এবং ২০১১ সালের নির্বাচনে কনজার্ভেটিভ প্রার্থী ক্রিস আলেক্স্যান্ডারের কাছে পরাজিত হন। ২০১৫ সালের নির্বাচনে তিনি জয়লাভ করেন। ওই নির্বাচনে জাস্টিন ট্রুডো তৎকালীন প্রধানমন্ত্রী স্টিফেন হারপারকে হারিয়ে সরকার গঠন করেন।

