
যুক্তরাষ্ট্র থেকে ফোর্ট এরি ইন্টারন্যাশনাল রেলওয়ে ব্রিজ ধরে দৌঁড়ে কানাডায় ঢোকার চেষ্টাকালে একজন কিউবান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মার্চেল মাঝামাঝি সময়ে কিউবান ওই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
আরসিএমপি বৃহস্পতিবার বলেছে, কর্তৃপক্ষগুলো এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় এবং ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্টের অধীনে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ওই দিনই ফোর্ট এরির পিচ ব্রিজে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সিতে নেওয়া হয়। সেখানেই ওই ব্যক্তিকে কানাডায় প্রবেশের অযোগ্য বিবেচনা করা হয়। একই দিনে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়।
এমন এক সময় এই গ্রেপ্তারের ঘটনা ঘটে যখন কানাডিয়ান কর্তৃপক্ষগুলো সীমান্ত সুরক্ষার পদক্ষেপ জোরদার করেছে। বিশেষ করে কানাডায় প্রবেশের আনুষ্ঠানিক বন্দরগুলোতে। আর এটা করা হয়েছে অবৈধ মাদক ও অভিবাসন নিয়ে এ বছরের গোড়ার দিকে ট্রাম্প প্রশাসনের উদ্বেগের পরিপ্রেক্ষিতে। এরপর থেকে কানাডা আন্তঃসমীমান্ত নজরদারিতে কানাডা বড় ধরনের বিনিয়োগ করেছে। এই বিনিয়োগের ফলে রেল ব্রিজ ও দূরবর্তী সড়কগুলোর মতো অনিয়মিত ক্রসিং পয়েন্টগুলোতে গ্রেপ্তারের ঘটনা বেড়েছে।
আরসিএমপি বলেছে, অবৈধভাবে কানাডা পাড়ি দেওয়ার একটি হটস্পট এই স্থানটি। রেলওয়ে ব্রিজ দিয়ে কানাডায় প্রবেশের বেশ কিছু চেষ্টা সম্প্রতি নস্যাৎ করে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকেই যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে।
আরসিএমপি বর্ডার ইন্টিগ্রিটি ইউনিটের সার্জেন্ট লেপা ইয়ানকোভিচ বলেন, সীমান্তের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

