
বেশ কিছু সরকারি স্থাপনা থেকে সব মার্কিন পতাকা নামিয়ে ফেলছে মিসিসোগা। বহু মানুষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র ক্যারোলিন প্যারিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্যারিশ স্পোর্টস এরিনার পাশাপাশি লেক অন্টারিওর বিভিন্ন স্থান থেকে মার্কিন পতাকা সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন। লেক অন্টারিওর স্থানগুলোর মধ্যে রয়েছে পোর্ট ক্রেডিটের স্নাগ হারবারের পিয়ার।
তিনি আরও বলেন, বড় আকৃতির কানাডিয়ান পতাকার সরবরাহ আদেশ দেওয়া হয়েছে এবং সিটি হলের ফ্ল্যাগপোলে সেগুলো স্থাপন করা হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে শুরু হওয়া চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই এই উদ্যোগ এল। এ মাসের গোড়ার দিকে কানাডিয়ান পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক কার্যকর হয়েছে। প্যারিশ এই বলে সতর্ক করে দিয়েছেন যে, এই শুল্কের ফলে উৎপাদন ও বাণিজ্য কেন্দ্র তার সিটি ক্ষতিগ্রস্ত হবে এবং ৬ লাখের মতো কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে।
সম্ভব হলে কানাডিয়ান ও নন-আমেরিকান সরবরাহকারীদের অগ্রাধিকার দিতে মিসিসোগা কাউন্সিলররা পরের দিকে ক্রয় সংক্রান্ত বাইল সংশোধন করেন। সিটি কর্তৃপক্ষ বলেছে, যুক্তরাষ্ট্রের বাইরে নতুন বাজারে ব্যবসা বৈচিত্র্যকরণে তারা সহায়তা করবে। সেই সঙ্গে উচ্চ সম্ভাবনা আছে এমন বাজারে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ আকর্ষণকে শক্তিশালী করতে সহায়তা দিয়ে যাবে।
অধিকন্তু মিসিসোগা কানাডায় তৈরি পণ্য ও সেবা কিনতে নাগরিকদের উৎসাহিত করতে চুজ কানাডা প্রচারণা শুরু করেছে। গত ৪ মার্চ বাসিন্দা ও ব্যবসায়ীদের উদ্দেশে লেখা এক চিঠিতে প্যারিশ বলেছেন, এটা খুবই কঠিন ও অনিশ্চিত সময় এবং আমি জানি যে, সামনে কী অপেক্ষা করছে তা নিয়ে আপনাদের অনেকেই খুব চিন্তিত। কিন্তু মিসিসোগা সব সময়ই প্রতিকূলতা মোকাবিলা করতে সক্ষম এবং ঐক্যবদ্ধ। আমরা এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠব। এই শুল্ক আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু প্রতিক্রিয়া আমাদের হাতেই রয়েছে।

