
যেসব প্রাদেশিক সংসদ সদস্য টরন্টোর ভেতরে ও এর কাছাকাছি বাস করেন তাদের হোটেল ব্যয় বহনের যে নিয়ম আছে বাতিল করার কথা ভাবছে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডের সরকার। তার ককাসের একাধিক সদস্য হোটেলে অবস্থান বাবদ বড় অঙ্কের বিল করার পর এই চিন্তা করছেন প্রিমিয়ার।
উইলোডেলের উত্তর টরন্টো রাইডিংয়ে প্রতিনিধিত্ব করা সত্ত্বেও ২০২৩ সাল থেকে হোটেল ভাড়া বাবদ ১৬ হাজার ডলারের বেশি বিল করেছেন ট্যুরিজম, কালচার ও গেমিং মন্ত্রী স্ট্যান চো। এ নিয়ে মঙ্গলবার তোপের মুখে পড়েন তিনি।
তবে প্রকাশ্যে পাওয়া যায় এমন খরচের নথিপত্র থেকে জানা যায়, তথাকথিত বিশেষ পরিস্থিতির আইন ব্যবহারকারী তিনিই একমাত্র ককাস সদস্য নন। ব্র্যাম্পটন ইস্টের প্রতিনিধিত্বকারী এমপিপি হারদীপ গ্রেওয়াল ২০২৩ সাল থেকে টরন্টোর হোটেল ভাড়া বাবদ ২৭ হাজার ডলারের বেশি বিল করেছেন। ছোট ব্যবসা বিষয়ক সহযোগী মন্ত্রী ও মিসিসোগা-স্ট্রিটসভিলের প্রতিনিধি নিনা ট্যাঙ্গরি বিল করেছেন প্রায় ১৯ হাজার ডলার। এ ছাড়া উইমেন’স সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অপরচুনিটি বিষয়ক সহযোগী মন্ত্রী ও ব্র্যাম্পটন সেন্টারের প্রতিনিধি চারমেইন উইলিয়ামস হোটেল ভাড়া বাবদ খরচ করেছেন ১৫ হাজার ডলারের বেশি।
চোসহ প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির এই এমপিপি মার্চে সমাপ্ত সর্বশেষ অর্থবছরে সর্বোচ্চ বিল করেছেন। চো গৃহীত জনগণের করের অর্থ পুরোপুরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। হাউসে সরকারি দলের নেতা স্টিভ ক্লার্ক নিয়মটি বাতিলের ইচ্ছার কথা জানিয়ে বুধবার স্পিকারকে চিঠি লিখেছেন।

