
সেকেন্ডারি পর্যায়ের শিক্ষার্থীদের চুড়ান্ত গ্রেডে গণিত, ইংরেজি এবং বিজ্ঞানের মতো মৌলিক বিষয়গুলোতে ন্যূনতম ২০ শতাংশ থাকবে লিখিত পরীক্ষা। প্রদেশের পক্ষ থেকে সম্প্রতি বলা হয়েছে, গ্রেড ৯ থেকে গ্রেড ১২ পর্যন্ত মূল্যায়ন মানদন্ডে নতুন ও বাধ্যতামূলক এই পরিবর্তন প্রকাশ করতে যাচ্ছে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে অন্টারিওর অধিকাংশ সেকেন্ডারি কোর্সের তাদের চুড়ান্ত কোর্স মার্কসের একটি অংশ হিসেবে বাধ্যতামূলকভাবে লিখিত পরীক্ষা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকার বলেছে, এই পরিবর্তন গ্রেডিংয়ে আরও ভালো ধারাবাহিকতা প্রতিষ্ঠা করবে এবং বিভিন্ন বিষয় ও গ্রেডের চুড়ান্ত নম্বর হিসাবে স্বচ্ছতর নীতিমালা হাজির করবে। শিক্ষার্থীদের সাফল্য এবং পোস্টসেকেন্ডারি শিক্ষার প্রস্তুতিতেও সাহায্য করবে এটি।
গ্রেড ৯ ও গ্রেড ১০ এ গণিত, ইংরেজি এবং বিজ্ঞানে শিক্ষার্থীদের মোট নম্বরের ২০ শতাংশ হবে লিখিত পরীক্ষা। গ্রেড ১১ ও গ্রেড ১২-এ গিয়ে এই নম্বর বেড়ে দাঁড়াবে ২৫ শতাংশে। কম্পিউটার শিক্ষা ও মানবিকের মতো কোর্সগুলোতে লিখিত পরীক্ষা ও চ‚ড়ান্ত প্রজেক্টের নম্বর ১০/১৫-তে ভাগ হয়ে যাবে। তবে কর্মক্ষেত্র প্রস্তুতি এবং সহযোগিতার মতো কোর্সগুলো চুড়ান্ত পরীক্ষা থেকে অব্যাহতি পাবে। প্রদেশের পক্ষ থেকে সোমবার নতুন মানদন্ড অনলাইনে প্রকাশ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা বলেছেন, গ্রেড ১ থেকে গ্রেড ১২ পর্যন্ত শিক্ষকদের নেলসন এডুকেশন’স এডউইন প্ল্যাটফরম নামে ডিজিটাল শিখন প্ল্যাটফরমের উপযোগী করতে প্রদেশ ৬ কোটি ডলার ব্যয় করছে।
প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষকরা বিভিন্ন বিষয় ও গ্রেডের বিচিত্র ম্যাটেরিয়াল থেকে শিক্ষকরা সঠিকটি বেছে নিতে সক্ষম হবেন, যা তাদেরকে প্রস্তুতকৃত লেসন প্ল্যান বেছে নিতে অথবা ইন্টারঅ্যাক্টিভ টুল, ভিডিয়ো ও প্রেজেন্টেশন ব্যবহার করে নিজেরাই তা তৈরি করতে পারবেন। শিক্ষকরা নমনীয় ফরমেটে রিসোর্সসগুলো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, প্রিন্টেড কার্যক্রম ডাউনলোড করতে অথবা শ্রেণিকক্ষে পাঠদানের সময় সরাসরি এই রিসোর্স ব্যবহার করতে পারবেন শিক্ষকরা।
এডউইন প্ল্যাটফরম এরই মধ্যে টরন্টো ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডে (টিসিডিএসবি) ব্যবহৃত হচ্ছে। টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) কিছু স্কুলও প্ল্যাটফরমটি ব্যবহার করছে এই মুহূর্তে। প্রতিযোগিতামূলক ক্রয় পদ্ধতির মাধ্যমে নেলসনকে ভেন্ডর হিসেবে নির্বাচিত করা হয়েছে। কীভাবে প্ল্যাটফরমটি ব্যবহার করা হবে সে ব্যাপারে প্রশিক্ষণ দিতে স্কুল বোর্ডগুলোর সঙ্গে কাজ করবে বাস্তবায়ন টিম।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

