
কর্ম সম্পাদনে যে কারো সঙ্গেই কাজ করবেন বলে আবারও জানিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। তবে অন্টারিও প্লেসের পুনঃউন্নয়ন নিয়ে টরন্টোর নতুন মেয়রের অবস্থান হতাশাজনক বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহৎ ওয়াটারপার্ক ও অস্ট্রিয়ান কোম্পানি থার্মেকে দীর্ঘমেয়াদে ইজারা দিতে স্পার ব্যবস্থা রেখে অন্টারিও প্লেস পুনঃউন্নয়ন করছে প্রদেশ। সেই সঙ্গে বাকি অংশে অন্টারিও সায়েন্স সেন্টার স্থানান্তরের পরিকল্পনাও করা হচ্ছে।
১০১ জন প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হয়ে ১২ জুলাই টরন্টোর নতুন মেয়র হিসেবে শপথ নিয়েছেন অলিভিয়া চাউ। নির্বাচনী প্রচারণাকালে অন্টারিও প্লেসের পুনঃউন্নয়নের বিষয়টি একাধিকবার এসেছে এবং বারবারই তিনি বলেছেন, স্থানটি বেসরকারিকরণের পরিবর্তে পার্ক হিসেবে জনগণের জন্য উন্মুক্ত থাকা উচিত।
পুনঃউন্নয়নের জন্য যে জমির প্রয়োজন তার কিছু সিটি অব টরন্টোর মালিকানাধীন।
এ বিষয়ে জানতে চাইলে গত সপ্তাহে চাউ বলেন, পরিকল্পনার বিষয়ে এবং অন্য বিকল্প খুঁজে দেখতে তিনি ডগ ফোর্ডের সঙ্গে বসে কথা বলতে চান। স্পার পরিবর্তে প্রদর্শন প্লেস এক্ষেত্রে একটা বিকল্প হতে পারে। তবে জোর করে সিটি অব টরেন্টার জমি নিয়ে নেওয়া হলে তারা আদালতের দ্বারস্থ হবে।
তিনি বলেন, জোরপূর্বক অধিগ্রহণ একটি সময়সাপেক্ষ ব্যাপার। এই মুহূর্তে আমরা আদালতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে চাই না। কিন্তু সেই সম্ভাবনা আছে।
চাউয়ের এই মন্তব্যের ব্যাপারে একজন সাংবাদিক জানতে চাইলে ডগ ফোর্ড বলেন, এই মন্তব্য হতাশাজনক। বিরোধী রাজনৈতিক দলের হলেও মিউনিসিপাল নেতাদের সঙ্গে তিনি যে কাজ করতে পারেন সেটা তিনি দেখিয়েছেন।
ফোর্ড বলেন, যে কারো সঙ্গেই আমি কাজ করব। আমি যে সবার সঙ্গে কাজ করতে পারি তার প্রমাণও দিয়েছি। অন্টারিও এনডিপির সাবেক নেতা আন্দ্রিয়া হরওয়াথের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। স্টিভেন ডেল ডুকার সঙ্গেও আমার সুসম্পর্ক রয়েছে। তারা উভয়েই আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং আমি সহযোগিতার ভিত্তিতে কাজ করায় বিশ^াস করি। টরন্টো, গ্রেটার টরন্টো এরিয়া এবং প্রদেশজুড়ে আমাদের আবাসনের প্রয়োজন। আমরা ১৫ লাখ নতুন বাড়ি নির্মাণ করব। সেদিকেই আমাদের মনোযোগ দেওয়া উচিত।

