
পার্লামেন্ট হিলের সেন্টার ব্লকের বড় ধরনের সংস্কারকাজ ২০৩১ সালের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। সে হিসেবে ২০৩২ সালের মধ্যেই এটি খুলে দেওয়া হবে।
পাবলিক সার্ভিস অ্যান্ড প্রকিউরমেন্ট কানাডার সহকারী মন্ত্রী রব রাইট বলেন, অবকাঠামো শক্তিশালীকরণ ও ঐতিহ্য সংরক্ষণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। ভবনের নিচে তিন স্তরের অভ্যর্থনা সেন্টারের নির্মাণকাজ চলছে। ক্রুরা ৩২ হাজার বর্গমিটারের সেন্টারের জন্য ২৩ মিটার গভীর করে খনন করছেন।
বৃহস্পতিবার সংস্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রাইট। তিনি বলেন, সেন্টার ব্লকের সংস্কারের উদ্দেশ্য হলো ভবনের আধুনিকায়ন এবং এতে প্রবেশ সহজ করা। একই সঙ্গে স্থানের ঐতিহ্যও অক্ষত রাখা। সেন্টার ব্লকের প্রধন করিডোর হল অব অনারের উপরে তিনটি ফ্লোর থাকবে। লাইব্রেরির সঙ্গে কনফেডারেশন হলের সংযোগ থাকবে। অফিস স্পেসের পাশাপাশি আদিবাসী সাংস্কৃতিক স্পেস এবং পার্লামেন্টারিয়ানদের জন্য একটি অনানুষ্ঠানিক লাউঞ্জও রাখা হবে এখানে।
উন্নত হিটিং ও কুলিং ব্যবস্থাপনার জন্য ভবনের ছাদ হবে পাঁচ মিটার উঁচু। সেন্টার ব্লকে আগে যে পরিমাণ জ¦ালানি খরচ হতো সংস্কারের পর তার চেয়ে ৭৫ শতাংশ কম খরচ হবে। পানির ব্যবহার কম হবে ৫০ শতাংশ। এ থেকে কোনো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হবে না।

