
কানাডার জনপ্রিয় বাংলা চ্যানেল এনআরবি টেলিভিশন এবং সাপ্তাহিক বাংলামেইলের উদ্যোগে গত ২ জুলাই কানাডায় থাকা পনেরো বাঙালি কবি-লেখকের বই নিয়ে অভিনব এক অনুষ্ঠানের আয়োজন করা হয় টরন্টোর বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থ এলাকার ৯ ডজ রোডের লিজিয়ন হলে। কমিউনিটির জ্যেষ্ঠ পণ্ডিতজন ড. দিলীপ চক্রবর্তীর সভাপতিত্বে এই আয়োজনে বাঙালি লেখকদের অভিনন্দিত করেন টরন্টোর প্রাক্তন পোয়েট লরিয়েট বিশিষ্ট কবি এ. এফ. মরিৎজ। ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে আরও কথা বলেন বিশিষ্ট লেখক, গবেষক এবং এই আয়োজনের প্রধান পরিকল্পনাকারী সুব্রত কুমার দাস এবং এনআরবি টেলিভিশনের সিইও ও সাপ্তাহিক বাংলামেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু।
সাহিত্যানুরাগী বাচিকশিল্পী সামিনা চৌধুরীর পরিচালনায় এই আয়োজনে যে কবি-লেখকদের নতুন বই নিয়ে উদযাপন করা হয় তাঁরা হলেন অতনু দাশ গুপ্ত, আকবর হোসেন, এলিনা মিতা, জসিম মল্লিক, জাকারিয়া মুহম্মদ ময়ীন উদ্দিন, তাসমিনা খান, দেবাঞ্জনা মুখার্জী ভৌমিক, ননীগোপাল দেবনাথ, বাদল ঘোষ, মামুনুর রশীদ, রোকসানা পারভীন শিমুল, শহীদ খোন্দকার, সুপর্ণা মজুমদার, সূচনা দাস, এবং স্বপন বিশ্বাস। হ্যালিফ্যাক্স থেকে গদ্যকার অতনু দাসগুপ্ত এবং অটোয়া থেকে অনুবাদক সুপর্ণা মজুমদারের আগমন এই আয়োজনকে যেন আলাদা একটি মাত্রা দান করেছিল। দ্বিতীয় প্রজন্মের লেখক সূচনার ইংরেজি বইটিও ছিল অনেকের মনোযোগের কেন্দ্রে।
উল্লেখ করা যেতে পারে যে, গত তিন মাস ধরে অনুষ্ঠানে উপস্থাপিত পনেরো বই নিয়ে বিস্তারিত আলোচনা লেখেন সামিনা চৌধুরী। সেগুলো সাপ্তাহিক বাংলা মেইল এবং বাংলা কাগজে প্রকাশিত হয়। সামিনার এই উদ্যোগ সুধী সমাজে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
টরন্টোর বাঙালি সমাজের পণ্ডিতজন বলে খ্যাত লেখক ড. দিলীপ চক্রবর্তী এক বছরে কানাডায় থাকা বাঙালিদের লেখা বিপুল সংখ্যক গ্রন্থের প্রকাশে উচ্ছ্বাস প্রকাশ করেন। নতুন বই এবং লেখকদের নিয়ে এই আয়োজনকে অভুতপূর্ব উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন কবি এ. এফ. মরিৎজ। টরন্টো মেগাসিটির সাহিত্যাঙ্গনে বাঙালিদের সরব উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তৃতায় কবি মরিৎজ মাইকেল মধুসূদন দত্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উল্লেখ করে কবি টরন্টোতে বাংলা ভাষীদের ভাষাপ্রীতির উল্লেখ করেন।
উল্লেখ করা যেতে পারে এর আগেও এনআরবি টেলিভিশনের লাইভ প্রোগ্রামে কানাডায় থাকা বাঙালিদের নতুন বই নিয়ে অনুষ্ঠান করেছেন বহুল পরিচিত সাহিত্য উদ্যোক্তা সুব্রত কুমার দাস। কোভিডের পর এবার সেই আয়োজন হল সকলের প্রত্যক্ষ উপস্থিতিতে। সম্প্রতি প্রকাশিত সুব্রত কুমার দাসের আত্মজৈবনিক গ্রন্থ ‘উৎস থেকে পরবাস’-এর সাক্ষাৎকার গ্রহণকারী ছিলেন কবি ও গদ্যকার দেবাঞ্জনা মুখার্জী ভৌমিক।
স্বাগত বক্তব্যে শহিদুল ইসলাম মিন্টু কানাডায় বাংলা ভাষা চর্চা এবং বাংলা ভাষায় পত্রিকা প্রকাশে তাঁর দীর্ঘ যুদ্ধের কথা তুলে ধরেন। তিনি জোরালো কণ্ঠে ঘোষণা করেন কানাডায় থাকা বাঙালি লেখকদের পাশে তিনি ও তাঁর পত্রিকা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
নতুন বই নিয়ে উপস্থাপনাকারী লেখক ও শিল্পীরা হলেন অনুপ সেনগুপ্ত , আবু সাঈদ নাঈম, করবী মৈত্র, চয়ন দাস, জান্নাতুল নাইম, জোয়াকিম ভিক্টর গোমেজ, ডি কস্তা লিনা এগ্নেস, নাসিমা আকতার মিতা, ফ্লোরা নাসরিন ইভা, মনীষ পাল, রণি মজুমদার, রাজীব চন্দ্র, রুমা মোদক, রেশমা মজুমদার শম্পা এবং সুজিত কুসুম পাল।
উল্লেখ করা যেতে পারে এনআরবি টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি প্রচারে উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক মাহবুব ওসমানী। প্রযোজনায় ছিলেন রেজাউল হক। ব্যবস্থাপনায় ছিলেন মাসুদ করিম, হেলাল চৌধুরী ও মাহবুব হোসেন।
অনুষ্ঠানে এ. এফ. মরিৎজের একটি কবিতার বাংলা অনুবাদ সবার সামনে পাঠ করেন কবিতাটির অনুবাদক লেখক ও সংস্কৃতিকর্মী মম কাজী। অনূদিত কবিতাটির মুদ্রিত কপি উপহার পেয়ে কবি মরিৎজ উচ্ছ্বাস প্রকাশ করেন।

