
মহামারির সময় দেওয়া আর্থিক সহায়তার অর্থ যারা এখনো ফেরত দেননি তা উদ্ধারের উদ্যোগ জোরদার করেছে কানাডা রেভিনিউ এজেন্সি (সিআরএ)। এই সুবিধার ৯০০ কোটি ডলারের বেশি এখনো অনাদায়ী রয়েছে।
সংস্থাটি বলেছে, জুলাই থেকে তারা আইনি সতর্কতা জারি ও অতিরিক্ত অর্থ উদ্ধারের প্রক্রিয়া এবং কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে রয়েছে মজুরি বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেওয়া। তবে যারা এতে সাড়া দেবে না অথবা সহযোগিতা করবে না কেবল তাদের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর্থিক সামর্থ্য থাকার পরও যারা তা পরিশোধ করছে না তাদের বিরুদ্ধেও একই আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সংস্থাটির মুখপাত্র সিলভিয়া ব্রাঞ্চ এক ইমেইলে বলেছেন, আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিদের আমাদের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করা, যাতে করে ঋণ পরিশোধের সর্বোত্তম উপায়টি আমরা খুঁজে পাই। সেই সঙ্গে সবার জন্য একটি ন্যায্য ও ব্যবস্থাপনাযোগ্য প্রক্রিয়া নিশ্চিত করাও আমাদের উদ্দেশ্য।
সংস্থাটি বলেছে, যেসব কানাডিয়ানের ঋণ পরিশোধের সামর্থ্য নেই তাদেরকে সহায়তা করার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এবং একটি পরিকল্পনা খুঁজে বের করতে ওই ব্যক্তিদের তাদের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করছে।
মহামারির সময় ত্রাণ সহায়তা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ২০ হাজার কোটি ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছিল।
সিআরএ বলেছে, যারা যোগ্য না হওয়া সত্ত্বেও এই আর্থিক সহায়তা নিয়েছিলেন তাদের কাছ থেকে ৯৫৩ কোটি ডলার ফেরত পাওয়ার চেষ্টা এখনো করে যাচ্ছে তারা। এর মধ্যে রয়েছে কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিটের ৫৪১ কোটি ডলার, কানাডা রিকভারি বেনিফিটের ২৬৭ কোটি ডলার এবং কানাডা রিকভারি কেয়ারগিভিং বেনিফিটের ১২৫ কোটি ডলার।
যোগ্যতা না থাকা সত্ত্বেও আর্থিক সহায়তা পাওয়া ব্যক্তিদের কাছ থেকে অর্থ উদ্ধারের চেষ্টা স্বেচ্ছায় অর্থ পরিশোধে উৎসাহিত করার মধ্য দিয়ে ২০২২ সালের মে মাসে শুরু করে সংস্থাটি। গত বছর তারা চিঠি পাঠায় এবং ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে।

