
২৪ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী মার্ক কারনি। শুক্রবার তারা শপথও নিয়েছেন। মন্ত্রীদের মধ্যে প্রথমেই শপথ নেন ডমিনিক লাব্লাঁ। কারনির মন্ত্রিসভায় তিনি আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি কিং’স প্রিভি কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করবেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মেলানি জোলি কারনির মন্ত্রিসভায় একই দায়িত্ব চালিয়ে যাবেন। কারনির মন্ত্রিসভায় নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক শিল্পমন্ত্রী ফ্রপাসোয়াঁ-ফিলিপে শ্যাম্পেইন।
উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অনীতা আনান্দ। প্রথমে নির্বাচনে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে তা পরিবর্তন করেছেন তিনি।
নির্বাচনে আর না দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলন আরও একজন মন্ত্রী ন্যাট আর্স্কাইন-স্মিথও। শুক্রবার তাকে আবাসনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বিল ব্লেয়ার তার দায়িত্ব বহাল থাকছেন। প্যাটি হাইডু আদিবাসী সেবার মন্ত্রণালয়ের দায়িত্ব চালিয়ে যাবেন এবং জ¦ালানি ও জাতীয় সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন জোনাথন উইলকিন্সন।
আরও যারা তাদের দায়িত্ব ধরে রেখেছেন তারা হলেন ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট জিনেট পিটিপাস টেইলর ও জননিরাপত্তামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি।
নতুনদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ মন্ত্রী কমল খেরা। পরিবেশমন্ত্রী স্টিভেন গাইলবোল্ট কুইবেকের লেফটেনেন্ট হয়েছেন। একইসঙ্গে তিনি কানাডিয়ান কালচার অ্যান্ড আইডেন্টিটি ও পার্কস কানাডার মন্ত্রীর দায়িত্বও পালন করবেন। গাইলবোল্টের ছেড়ে দেওয়া পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন টেরি ডাগিড। অভিবাসন মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন রাচেল বেন্ডায়ান।
যার পদত্যাগ শেষ পর্যন্ত জাস্টিন ট্রুডোর পদত্যাগ ডেকে এনেছিল সেই ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডও কারনির মন্ত্রিসভায় যোগ দিয়েছেন। তাকে দেওয়া পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব। সাবেক ন্যাশনাল রেভিনিউ মন্ত্রী এলিজাবেথ ব্রিয়েরি এখন ভেটেরান্স অ্যাফেয়ার্স মন্ত্রী।
ইনডিজেনাস রিলেশন্স এবং নর্দার্ন অ্যাফেয়ার্স মন্ত্রী গ্যারি আনান্দাসাঙ্গারি অতিরিক্ত হিসেবে পেয়েছেণ বিচারমন্ত্রীর মন্ত্রণালয়ের দায়িত্ব। সরকারি দলের প্রধান হুইপ হয়েছেন রেচি ভালদেজ।
মন্ত্রিসভায় নতুন মুখের মধ্যে রয়েছে আলি এহসাসি। তিনি পেয়েছেন পাবলিক সার্ভিসেস অ্যান্ড প্রকিউরমেন্টের প্রধানের দায়িত্ব। কৃষিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কোডি ব্লোয়িস এবং হাউস লিডার হয়েছেন আরিয়েলে কায়াবাগা।
অন্যদের মধ্যে স্টিভেন ম্যাককিনন জবস অ্যান্ড ফ্যামিলিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ফিশারিজ, অশান্স অ্যান্ড কোস্টগার্ড মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জোয়ানে থম্পসন।
নতুন মন্ত্রিসভায় যারা বাদ পড়েছেন তাদের মধ্যে আছেন মার্ক মিলার, মার্ক হল্যান্ড এবং জাঁ-ইভস ডুকলো।

