
মারধরের শিকার হওয়ার এক সপ্তাহ পর অন্টারিওর ওয়েন সাউন্ডের একটি রেস্তোরাঁ মালিক শরীফ রহমান মারা যান। তিনজন গ্রাহকের কাছ থেকে বিল আদায়ের চেষ্টা করার সময় মারধরের শিকার হন তিনি। এরপর ২০২৩ সালের ২৫ আগস্ট তিনি মারা যান।
কারি হাউসের মালিক শরীফ রহমানের মৃত্যুর ঘটনায় যুক্তরাজ্যের তিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ২০২৩ সালে হামলার শিকার হওয়ার পর মারা যান তিনি। বিল পরিশোধ না করায় রেস্তোরাঁর বাইরে তিন ব্যক্তিকে ধরতে গেলে হামলার শিকার হয়ে প্রাণ হারান শরীফ রহমান।
এ ঘটনায় জড়িত সন্দেহে ২৪ বছর বয়সী রবার্ট ইভান্সের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে মঙ্গলবার ঘোষণা দিয়েছে পুলিশ। একই সঙ্গে ৪৭ বছর বয়সী রবার্ট বুজবি ইভান্সকেও গ্রেপ্তারের পর অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে ৫৭ বছর বয়সী ব্যারি ইভান্সকে গ্রেপ্তার করা হয় ২৯ অক্টোবর। এই তিন ব্যক্তি প্রত্যর্পণের অপেক্ষায় আছেন বলে অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের (ওপিপি) তথ্যে জানা গেছে।
বুধবার যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন অভিযুক্ত ব্যক্তিরা কোথায় ছিলেন ওপিপি ডিটেক্টিভ ইন্সপেক্টর জেন কনওয়ে তা স্পষ্ট করেননি। তবে স্কটল্যান্ডের পুলিশকে তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ দেন তিনি। এই কর্মকর্তা বলেন, প্রত্যর্পণের সুনির্দিষ্ট দিনক্ষণ জানানোর মতো সময় এখনো হয়নি। তবে অভিুযক্ত ব্যক্তিরা যে গ্রেপ্তার হয়েছেন সেটা ঘোষণা করতে পেরে আমরা খুশি।
এই ব্যক্তিরা কীভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত সে সম্পর্কেও কিছু বলেননি কনওয়ে। কেন তারা কানাডায় ছিলেন? এই প্রশ্নের উত্তরে কনওয়ে বলেন, তিনজনই যুক্তরাজ্যের নাগরিক এবং কানাডায় তারা বেড়াতে এসেছিলেন।
মারাত্মক আক্রমণের পর শরীফ রহমানের মারা যাওয়ার পর ১৭ মাস পেরিয়ে গেছে। মারাত্মক আঘাত পেয়ে এই রেস্তোরাঁ মালিক কোমায় চলে যান। এক সপ্তাহ পর তিনি মারা যান। এরপর অপরাধীদের গ্রেপ্তার ওয়েন সাউন্ড পুলিশ ওপিপির সাহায্য চায়।
কনওয়ে বলেন, তিন সন্দেহভাজন দেশ ত্যাগ করেছেন জানতে পেরে তাদের গ্রেপ্তারে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা চাওয়া হয়।
শরীফ রহমানের এই হত্যাকা- তার ছোট কমিউনিটিকে গভীরভাবে ছুঁয়ে যায় এবং তার পরিবারের প্রতি বিপুল সমবেদনা জানানো হয়।

