
আগাম নির্বাচনের সম্ভাবনা অন্টারিওর আইনসভা কমিটিকে ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স নিয়ে বিস্তারিত গবেষণা সংক্ষিপ্ত করতে বাধ্য করছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইন্টিমেট পার্টনার ভায়োলেন্সের শিকার ব্যক্তি ও তাদের সমর্থকরা।
বসন্তেই নির্বাচন হতে পারে এমন সম্ভাবনা কমিটির একজন নেতাকে গবেষণার সময়সীমা এগিয়ে আনতে বাধ্য করেছে। ফেব্রুয়ারির মধ্যেই প্রতিবেদন দেওয়ার লক্ষ্য ধরেছেন তিনি। অন্যদিকে বাকিরা একে প্রহসন বলে উল্লেখ করেছেন।
প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ এবং নিউ ডেমোক্র্যাট যৌথ নেতৃত্বাধীন জাস্টিস পলিসি সাবকমিটি তাদের কাজের প্রথম পর্ব শেষ করেছে। গ্রীষ্মে ৯০ জনের বেশি বিষয় সংশ্লিষ্ট সাক্ষীর বক্তব্য শোনার পর এই পর্বটি সম্পন্ন করেছে তারা।
কমিটির বড় ধরনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ভুক্তভোগীদের কথা শুনতে বিভিন্ন প্রদেশ সফর করা। বিশেষ করে সাবেক পার্টনারের হাতে নিহত তিন নারী নাথালি ওয়ার্মারড্যাম, ক্যারোল কুলেটন ও আনাস্তাসিয়া কুজিকের তদন্তে অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাতের জন্য পূর্ব অন্টারিওর রেনফ্রিউ কাউন্টিতে যাওয়া। কিন্তু রেনফ্রিউ কাউন্টি সফর এখন বাতিল করা হয়েছে এবং ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা হবে টরন্টোতে কুইন’স পার্কে অথবা ভিডিও কলের মাধ্যমে।
কমিটির সহ-প্রধান প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির জেস ডিক্সন বলেন, আগাম নির্বাচন হবে কিনা আমি জানি না। কিন্তু সবকিছুই হতে পারে। তাই আমি সময়সীমা এগিয়ে আনছি।
প্রিমিয়ার ডগ ফোর্ডও ২০২৫ সালে আগাম নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দেননি। ২০২৬ সালের জুনে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে এই সিদ্ধান্তকে ভালোভাবে নেননি কমিটির আরেক সহপ্রধান নিউ ডেমোক্র্যাটিক পার্টির ক্রিস্টিন অং-ট্যাম। তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি প্রহসনে পরিণত হচ্ছে।

