
রেলরোড এবং বন্দরগুলো থেকে চলতি বছর ২০২৩ সালের তুলনায় বেশি সংখ্যক চোরাই গাড়ি উদ্ধার করেছে কানাডার সীমান্ত রক্ষীরা। পরিবহনমন্ত্রী অনীতা আনান্দ বলেন, কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি চুরি যাওয়া মোট ১ হাজার ৯৪৫টি গাড়ি উদ্ধার করেছে। এসব গাড়ির বেশিরভাগই পাওয়া গেছে কুইবেকে।
রেকর্ড সংখ্যক গাড়ি চুরি বন্ধে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশগ্রহণে এ বছরের গোড়ার দিকে একচিট কর্মপরিকল্পনা চালু করে ফেডারেল সরকার। অন্টারিওর ওকভিলে হল্টন রিজিয়নাল পুলিশ সার্ভিসের সদর দপ্তরের বাইরে এক সংবাদ সম্মেলনে অনীতা আনান্দ বলেন, আমরা আজ এখানে এটা বলতে এসেছি যে, পরিকল্পনাটি কাজ করছে। ২০২৪ সালের প্রথমার্ধে ২০২৩ সালের একই সময়ের তুলনায় গাড়ি চুরি ১৯ শতাংশ হ্রাস পেয়েছে। আমরা দেখছি যে, সিবিএসএ এক হাজার ৯০০ এর বেশি চোরাই গাড়ি উদ্ধার করেছে এবং ফেডারেল সরকার হিসেবে আমরা আমাদেরকেও দায়বদ্ধতার আওতায় আনছি।
এ মাসের গোড়ার দিকে ইন্স্যুরেন্স ব্যুরো অব কানাডা প্রকাশিত পরিসংখ্যানের উদ্ধৃতি দিচ্ছিলেন আনান্দ। ওই পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৪ সালের প্রথমার্ধে আগের বছরের একই সময়ের তুলনায় চার হাজার গাড়ি কম চুরি হয়েছে। যদিও সংখ্যাটি ১০ বছর আগের তুলনায় দ্বিগুণের বেশি বলে সতর্ক করেছে ব্যুরো।
অনীতা আনান্দ আরও বলেন, নতুন গাড়িতে চুরি বন্ধের নতুন প্রযুক্তি যাতে থাকে সে ব্যাপারে আগামী বছর তিনি গাড়ি নির্মাতাদের জন্য নতুন নীতিমালা চালুর প্রত্যাশা করছেন। যদিও সুনির্দিষ্ট দিনক্ষণ তিনি উল্লেক করেননি।
তিনি বলেন, সম্ভাব্য এই নীতিমালা নিয়ে পরামর্শ গ্রহণের কাজ শেষ হয়েছে। এবং প্রস্তাবিত পরিবর্তনগুলোর জন্য তিনি কর্মকর্তাদের অপেক্ষায় আছেন।

