
সিরিয়ার ডিটেনশন ক্যাম্প থেকে যে নারীকে কানাডা প্রত্যাবর্তনে অস্বীকৃতি জানিয়েছিল পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি যাতে তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তেমনটাই চান মানবাধিকার কর্মীরা। জোলিকে লেখা এক চিঠিতে সেনেটর কিম পেট এবং মানবাধিকারকর্মী অ্যালেক্স নেভ বলেন, সপ্তাহখানেক আগে তুরস্কে বুইবেকের এই নারীর অপ্রত্যাশিত মৃত্যু হয়।
কুর্দি বাহিনী পরিচালিত একটি সিরিয়ান ক্যাম্পে ওই নারী ও তার ছয় সন্তানের সঙ্গে যে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করতে গিয়েছিল পেট এবং নেভ তার অংশ ছিলেন। চরমপন্থী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেবান্তের কাছ থেকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি পুনরুদ্ধার করে কুর্দি বাহিনী।
শিশুগুলোকে এ বছর কানাডায় ফিরতে সহায়তা করে ফেডারেল সরকার। তবে এফ. জে. নামে পরিচিত ওই নারীকে ফিরিয়ে আনতে অস্বীকৃতি জানায় সরকার। পরিবারটিকে সহায়তাকারী আইনজীবী লরেন্স গ্রিনস্পন বলেন, ওই মাকে দেশে ফেরাতে অস্বীকৃতির কারণ হিসেবে নিরাপত্তার কথা উল্লেখ করে অটোয়া।
জোলির কাছে লেখা চিঠিতে বলা হয়েছে, ওই নারী উত্তরপূর্ব সিরিয়ার আল-রোজ ক্যাম্প থেকে পালিয়ে মার্চে তুরস্কে প্রবেশ করেন। এর তিন মাস পর তুরস্কের কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

