
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ এবং মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবিলায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুই মাসের জন্য গুরুত্বপূর্ণ পণ্যে কর অব্যাহতি ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি স্বল্প ও মধ্যবিত্ত আয়ের কর্মরত নাগরিকদের জন্য এককালীন ২৫০ ডলারের আর্থিক রিবেটও ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, “কানাডিয়ানরা কঠোর পরিশ্রম করছেন, কিন্তু তাদের জীবনযাত্রার খরচ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই মানুষ অন্তত সাময়িকভাবে কিছুটা স্বস্তি অনুভব করুক। আমরা গত কয়েক বছর কঠিন সময় পার করেছি, কিন্তু সবাই মিলে লড়াই করে সফল হয়েছি। এখন আমাদের লক্ষ্য নাগরিকদের হাতে কিছু অর্থ ফেরত দেওয়া।”
সরকারি ঘোষণা অনুযায়ী, এই কর অব্যাহতির সুবিধা ১৪ ডিসেম্বর ২০২৪ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত প্রযোজ্য থাকবে। এই সময়সীমায় বিভিন্ন ভোক্যপণ্য ও সেবায় গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) এবং হারমোনাইজড সেলস ট্যাক্স (HST) প্রত্যাহার করা হবে। ফেডারেল সরকারের হিসাব অনুযায়ী, এই উদ্যোগের জন্য প্রায় ১.৬ বিলিয়ন ডলার ব্যয় হবে। তবে এক গড় পরিবার এই দুই মাসে প্রায় ১০০ ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে। যেসব প্রদেশে HST প্রযোজ্য, সেখানে সাশ্রয় আরও বেশি হতে পারে।
ফেডারেল সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলামেইলকে জানান, “এই কর অব্যাহতি মূলত ক্রয়ক্ষমতার চাপ কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এটি তাৎক্ষণিক স্বস্তি দেবে।”
সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই কর ছাড়ের সুবিধা পাবেন বহু ধরনের পণ্যে যেমন – প্রস্তুতকৃত খাবার: সালাদ, স্যান্ডউইচ, ফ্রেশ প্ল্যাটার, রেস্তোরাঁর খাবার (ডাইন-ইন, টেক-আউট ও ডেলিভারি), মিষ্টি ও পানীয়: কোক, পাই, ডোনাট, ব্রাউনি, পেস্ট্রি, বিয়ার, ওয়াইন, সিডার, কিছু নন-অ্যালকোহলিক পানীয়, ক্যান্ডি, চকোলেট, গাম, আইসক্রিম, ফ্রোজেন পুডিং, ফ্রুট বার, গ্র্যানোলা, শিশু ও খেলনার সামগ্রী: শিশুদের পোশাক ও জুতা, কার সিট, ডায়াপার, ভিডিও গেম, কনসোল, বোর্ড গেম, জিগস পাজল, টয় কার, ডল হাউস, লেগো, অন্যান্য: ছাপা সংবাদপত্র, নির্বাচিত বই, কৃত্রিম বা প্রাকৃতিক ক্রিসমাস ট্রি।
উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, “কানাডার কিছু খাদ্যপণ্য আগেই করমুক্ত ছিল। কিন্তু প্রস্তুতকৃত খাবারের ওপর এখনো GST প্রযোজ্য। উদাহরণস্বরূপ রোটিসারি চিকেন বা রেডি-টু-ইট মিল। আমরা চাই এই পণ্যগুলোও সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকুক। একজন কর্মজীবী মা বা বাবা যখন ব্যস্ততার কারণে নিজে রান্না করতে পারেন না, তখন গ্রোসারি স্টোর থেকে প্রস্তুতকৃত খাবার কেনা ছাড়া উপায় থাকে না। এই সিদ্ধান্ত তাদের জীবন কিছুটা সহজ করবে।”
অর্থনীতিবিদরা মনে করছেন, ট্রুডো সরকারের এই পদক্ষেপ মূলত মুদ্রাস্ফীতি মোকাবিলার একটি স্বল্পমেয়াদি উদ্যোগ। খাদ্যদ্রব্য, বাসস্থান, জ্বালানি ও পরিবহন খাতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নাগরিকদের ওপর তীব্র প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পদক্ষেপ আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ।
অর্থনীতিবিদ র্যান্ডি বেকার বলেন, “এই কর ছাড় স্বল্প আয়ের পরিবারের জন্য আর্থিক স্বস্তি এনে দেবে ঠিকই, তবে এর প্রভাব সাময়িক। দীর্ঘমেয়াদে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আনতে হলে কাঠামোগত নীতি প্রয়োজন।”
বাংলামেইলের অনুসন্ধানে জানা গেছে, সরকার নতুন ‘ওয়ার্কিং কানাডিয়ান্স রিবেট’ কার্যক্রমও চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে নির্দিষ্ট আয়ের কর্মীরা এককালীন আর্থিক সহায়তা পাবেন। অর্থমন্ত্রী ফ্রিল্যান্ড বলেন, “আমরা জানি, কানাডিয়ানরা এই মুহূর্তে কঠিন সময় পার করছেন। কর ছাড় এবং সরাসরি আর্থিক সহায়তার সমন্বিত উদ্যোগ তাদের কিছুটা স্বস্তি দেবে। আমাদের লক্ষ্য হলো মানুষ যেন এই শীতে কিছুটা স্বস্তি নিয়ে বাঁচতে পারে।”
বিশ্লেষকরা বলছেন, ট্রুডো সরকারের কর অব্যাহতি পদক্ষেপ অর্থনীতিতে স্বল্পমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে, তবে দীর্ঘমেয়াদে এর সফলতা বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও মুদ্রাস্ফীতি স্থিতিশীল রাখার ওপর নির্ভর করবে।

