
ব্রেডের মূল্য কারসাজিতে জড়িত থাকার অভিযোগে করা ক্লাস-অ্যাকশন মামলা মিটিয়ে ফেলতে ৫০ কোটি ডলার দিতে রাজি হয়েছে লবল কোম্পানিজ লিমিটেড এবং এর মূল কোম্পানি জর্জ ওয়েস্টন লিমিটেড। একাধিক কোম্পানির বিরুদ্ধে ক্লা-অ্যাকশন মামলাটি করা হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লবল ও ওয়েস্টন কোম্পানিজ, মেট্রো, ওয়ালমার্ট কানাডা, জায়ান্ট টাইগার, সবেস এবং এর মালিক প্রতিষ্ঠান এম্পায়ার কোম্পানি লিমিটেড।
বাদীদের অভিযোগ, কোম্পানিগুলো ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৪ বছর শিল্পব্যাপী মূল্য কারসাজি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। এর ফলে কৃত্রিমভাবে মোড়কজাত ব্রেডের দাম বাড়ানো হয়।
মামলা নিষ্পত্তির জন্য অর্থ খরচ হবে তার মধ্যে জর্জ ওয়েস্টন পরিশোধ করবে ২৪ কোটি ৭৫ লাখ ডলার এবং লবল দেবে ২৫ কোটি ২৫ লাখ ডলার, যার মধ্যে ১৫ কোটি ৬৫ লাখ ডলার নগদ ও লবল কার্ড প্রোগ্রামের অধীনে গ্রাহকদের আগেই যে ৯ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করেছে লবল তার ঋণ।
এ ঘটনার জন্য লবলর চেয়ারম্যান গ্যালেন ওয়েস্টন, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ ওয়েস্টন কোম্পানিগুলোর তরফ থেকে ক্ষমা চেয়েছেন। এক বিবৃতিতে তারা বলেছেন, মূল্য কারসাজি আচরণের জন্য ওয়েস্টন গ্রুপ অব
কোম্পানিজের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। এই আচরণ আমরাই খুঁজে বের করি এবং ২০১৫ সালে তা জানাই। দ্বিতীয়বার এটা হওয়া যাবে না। উপকূল থেকে উপকূলে কানাডিয়ানদের আমরা সেবা করার সুযোগ পেয়েছি। এই সুযোগ প্রত্যেকদিন অর্জন করতে হবে। আগের আচরণের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে একটি বন্দোবস্তে পৌঁছানো সঠিক কাজ। কারণ, এটা আমাদের মূল্যবোধ এবং আদর্শমানের সঙ্গে যায় না।

