
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও এক মেয়াদের জন্য হোয়াইট হাউসে আসুক চান না কানাডার সিংহভাগ নাগরিক। অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটটের নতুন এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।
সমীক্ষায় দেখা গেছে, দুই-তৃতীয়াংশ কানাডিয়ানই মনে করেন ট্রাম্প যদি নির্বাচনে জয়ী হন এবং দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তাহলে তা হবে দেশের জন্য খারাপ বা ভয়াবহ। কানাডার অর্থনীতি, বৈশি^ক স্থিতিশীলতা এবং জলবায়ু পরিবর্তনের জন্যও তা নেতিবাচক হবে বলে মনে করেন প্রায় সমসংখ্যক কানাডিয়ান।
ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা দারুণ হবে বলে মনে করেন সমীক্ষায় অংশগ্রহণকারী মাত্র ১৫ শতাংশ কানাডিয়ান। সমীক্ষায় বলা হয়েছে, এই প্রশ্নে কানাডার কনজার্ভেটিভ পার্টির সমর্থকদের মধ্যে মতভেদ থাকলেও বাকি কানাডিয়ানরা এ ব্যাপারে একমত যে, ট্রাম্প কানাডার জন্য ভালো হবেন না।
দৈবচয়নভিত্তিতে ২০২৪ সালের ১৮ থেকে ২২ জুলাই এক হাজার ৪৩৫ জন কানাডিয়ানের ওপর এই সমীক্ষা চালায় অ্যাঙ্গাস রিড।
বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে পুনরায় দর-কষাকষির ক্ষেত্রে কানাডার কোন নেতা সর্বোত্তম হবেন এই প্রশ্নে বিভক্তি আছে। সমীক্ষার ফলাফল অনুযায়ী, এই প্রশ্নের উত্তরে ৩২ শতাংশ কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভরের নাম বলেছেন। জাস্টিন ট্রুডোর কথা বলেছেন ২০ শতাংশ এবং এ ব্যাপারে কোনো মন্তব্যই করেননি সমীক্ষায় অংশ নেওয়া ৩২ শতাংশ কানাডিয়ান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে এরই মধ্যে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে তার প্রার্থীতা নিয়ে ডেমোক্র্যাট শিবিরে কয়েক সপ্তাহ ধরে চলা লড়াইয়ের অবসান হয়। ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে বাইডেন তা জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর কয়েক শ ডেমোক্র্যাট আইনপ্রণেতা, গভর্নর ও অন্য কিছু দেশের শক্তিশালী ইউনিয়ন হ্যারিসের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন।

