
লাইভ নেশন তাদের তাদের সহযোগী প্রতিষ্ঠান টিকেটমাস্টারে সাইবার হামলার ঘটনা তদন্ত করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে লাইভ অনুষ্ঠানের টিকিট বিক্রিতে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হচ্ছে টিকেটমাস্টার।
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলভিত্তিক লাইভ নেশন ৩১ মে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দাখিল করা এক নথিতে বলেছে, ২৭ মে অপরাধীরা টিকেটমাস্টারের উপাত্ত ডার্ক ওয়েবে বিক্রির প্রস্তাব করে।
গণমাধ্যমের অন্যান্য খবরে বলা হয়েছে, শাইনিহান্টারস নামে একটি হ্যাকিং গ্রুপ অনলাইন ফোরামে এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। সেই সঙ্গে হাতিয়ে নেওয়া উপাত্তের বিনিময়ে ৫ লাখ ডলার দাবি করেছে। এই উপাত্তের মধ্যে রয়েছে লাখ লাখ টিকেটমাস্টার গ্রাহকের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং কিছু ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য।
লাইভ নেশন ও টিকেটমাস্টারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তৎক্ষণাৎ কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।
যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সজেঞ্জ কমিশনে দাখিল করা এক নথিতে লাইভ নেশন বলেছে, গ্রাহকদের ক্ষতি কমাতে তারা কাজ করছে এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করছে। এই হামলার বড় কোনো প্রভাব আমাদের সার্বিক ব্যবসার ওপর পড়েনি।
আমেরিকায় একচেটিয়া লাইভ অনুষ্ঠান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ২৩ মে লাইভ নেশন ও টিকেটমাস্টারের বিরুদ্ধে মামলা করে। প্রতিযোগিতা সীমিত করা ও ভক্তদের ব্যয় বাড়িয়ে দেওয়ার এই ব্যবস্থাটি ভেঙে দেওয়ার জন্য আদালতের কাছে আর্জি জানায় বিভাগটি।

