
টরন্টোর একটি ওয়াটারফ্রন্ট খেলার মাঠে কুকুর আক্রমণ করে বসার ঘটনায় এক নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ওই আক্রমণে এক শিশু গুরুতর জখম হয়।
নগরীর হারাবরফ্রন্ট এরিয়ায় লেকশোর বুলভার্ড ওয়েস্ট এবং ব্যাথার্স্ট স্ট্রিটের কাছে লিটল নরওয়ে পার্কে ২৩ মার্চ সকালে ওই ঘটনা ঘটে। পুলিশ বলেছে, একজন নারী তার ছেড়ে রাখা কুকুরসহ খেলার মাঠটিতে অবস্থান করছিলেন। ওই সময়ই একজন বাবা ও তার ৯ বছর বয়সী শিশু সেখানে প্রবেশ করেন।
খোলা গেট দিয়ে কুকুরটি শিশুটিকে আক্রমণ করে, কামড় দেয় এবং মাটিতে ফেলে দেয়। ওই নারী ও বাবা কুকুরের কাছ থেকে শিশুটিকে ছাড়িয়ে নিতে আপ্রাণ চেষ্টা করেন। এবং শেষ পর্যন্ত কুকুরটি ক্ষ্যান্ত দেয়। এরপর ওই নারী কুকুরটি নিয়ে খেলার মাঠ থেকে পালিয়ে যান।
গুরুতর জখমসহ শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। তবে তার আঘাত প্রাণনাশের মতো নয়।
পুলিশ জানিয়েছে, ২৩ মার্চ তারা ফোর্ট ইয়র্ক বুলভার্ড এবং ব্যাথার্স্ট স্ট্রিট এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায়। সেখানে এক নারীকে পাওয়া যায় এবং পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ছাড়া কুকুরটিকে জব্দ করে টরন্টো অ্যানিমেল সার্ভিসেসের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় টরন্টোর বাসিন্দা ৩৮ বছর বয়সী প্যাট্রিসিয়া সিয়ারেকের বিরুদ্ধে এক কাউন্ট ফৌজদারি অবহেলার অভিযোগ আনা হয়েছে। ডগ ওনার’স লায়াবিলিটি আইনেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কোনো অভিযোগই এখন পর্যন্ত আদালতে প্রমাণিত হয়নি। ২৫ মার্চ সিয়ারেককে অন্টারিও কোর্ট অব জাস্টিসে উপস্থাপন করার কথা ছিল।
এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-১৪০০ নাম্বারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

